প্রতিবাদ করলেই রক্তগঙ্গা! রাতে বাড়ি ফেরার পথে দুই তরুণীর সাথে যা ঘটল, জানলে শিউরে উঠবেন

পশ্চিম বর্ধমানের বুদবুদের মানকরে রাতের অন্ধকারে দুই তরুণীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা এবং তাদের বাবা-মাকে নৃশংসভাবে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি কাপড়ের দোকানে কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে দুই যুবতীকে একা পেয়ে এই নক্কারজনক হামলা চালায় একদল বখাটে যুবক। শুধু ইভটিজিং বা অশ্লীল ইঙ্গিতই নয়, প্রকাশ্য রাস্তায় যুবতীদের হাত ধরে টানাটানি করে টোটো থেকে নামিয়ে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানকরের একটি পোশাকের দোকানে কাজ সেরে টোটো ধরে বাড়ি ফিরছিলেন ওই দুই তরুণী। সেই সময়ই তাদের টোটোকে পিছু নেয় অন্য একটি টোটোয় থাকা অভিযুক্ত যুবকরা। দুই যুবতীকে একা পেয়ে বখাটেরা চরম কুরুচিকর মন্তব্য ও অশ্লীল ইঙ্গিত করতে শুরু করে। পরিস্থিতি চরম আকার ধারণ করলে এক যুবতী ফোন করে তাঁর বাবাকে বিষয়টি জানান। মেয়েদের বিপদের কথা শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ওই তরুণীর বাবা ও মা।

মাঠে নেমে প্রতিবাদ করতেই বখাটে যুবকদের আক্রমণের মুখে পড়তে হয় নির্যাতিতার পরিবারকে। অভিযোগ, প্রতিবাদ করায় তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বাঁচাতে এলে তাঁর মায়ের ওপরও একইভাবে তাণ্ডব চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই নির্মম ঘটনার পর পরিবারটি তৎক্ষণাৎ বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানান, ইভটিজিং ও মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।