পূজার সাজেও মন খারাপ! সোশ্যাল মিডিয়ার স্টার কুকুর সন্টুর স্মৃতিতে ভিজে গেল রায় বাড়ির চোখ, কী করলেন ময়না?

সোশ্যাল মিডিয়ার দৌলতে বাংলাদেশ ও ভারতের বহু মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল খুলনার রায় বাড়ির পোষ্য কুকুর সন্টু (Santu Dog)। তার নানা কীর্তি, খুনসুটির ভিডিও দেখেই মজে থাকত অসংখ্য নেটিজেন। তবে গত ৩ মার্চ অকালমৃত্যু হয় এই তারকা কুকুরটির। আট বছর বয়সী সন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল তার ফেসবুক পেজ-এর হাজার হাজার ফলোয়ারদের মধ্যেও।
প্রিয় পোষ্যকে ছাড়া এটাই রায় বাড়ির প্রথম দুর্গাপূজা। স্বাভাবিকভাবেই এই আনন্দের দিনে সন্টুর অনুপস্থিতি আরও বেশি করে অনুভব করছেন ময়না, বদ দাদা, বাপু মা-সহ বাড়ির সকলে। যাঁরা সন্টুকে নিয়ে সারাদিন মেতে থাকতেন এবং নিয়মিত তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন।
পূজার দিনেই নতুন আবেগঘন ভিডিও
প্রতি বছর দুর্গাপূজার বিভিন্ন দিনে নানা পোশাকে সেজে সন্টুর ভিডিও দেখা ছিল তার ভক্তদের কাছে একপ্রকার নেশার মতো। কিন্তু এই বছর সেই দৃশ্য অধরা। তাই সন্টুর শূন্যতা পূরণে অষ্টমীর দিনে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন ময়না।
ভিডিওতে দেখা গিয়েছে রায় পরিবারের নতুন পোষ্য কুকুর ‘বুচি’-কে। সন্টু নেই, কিন্তু তার স্মৃতিতে নতুন জামা দিতে ভোলেননি বাড়ির সদস্যরা। বুচি যেন তার ‘দিদিভাই’ সন্টুর জন্য নতুন জামা নিয়ে এসেছে। ময়না সেই নতুন জামা ও ফুল দিয়ে সন্টুর সমাধি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন।
কান্নাভেজা গলায় ময়নাকে বারবার সন্টুর কথা বলতে শোনা গিয়েছে। এই ভিডিওটি আবারও সন্টুর ভক্তদের চোখ ভিজিয়ে দিয়েছে, যা প্রমাণ করে তারকা এই পোষ্যটি আজও সবার মনে কতটা গভীরভাবে রয়ে গিয়েছে।