পুজো মানেই প্রথম প্রেমের নস্ট্যালজিয়া! দেবরাজ ভট্টাচার্যের নতুন রোম্যান্টিক গানে মেতে উঠল নেটদুনিয়া

পুজোর আবহে প্রথম প্রেমের মিষ্টি গল্প! দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে মুক্তি পেল ‘হৃদ মাঝারের ঢেউ’

শারদোৎসবের আনন্দ, গ্রামীণ বাংলার মাটির গন্ধ এবং প্রথম প্রেমের চিরন্তন নস্ট্যালজিক অনুভূতি—এই তিনের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি হলো নতুন রোম্যান্টিক মিউজিক ভিডিয়ো ‘হৃদ মাঝারের ঢেউ’। দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে মুক্তি পাওয়া এই গানটি ইতিমধ্যেই সংগীতপ্রেমী ও সাধারণ শ্রোতাদের মনে গভীর দাগ কাটতে শুরু করেছে। জনপ্রিয় গায়ক ও সুরকার দেবরাজ ভট্টাচার্যের জাদুকরি কণ্ঠ ও সুর এই গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

‘জিরো ওয়ান স্টুডিওজ’-এর প্রযোজনায় এবং অনন্ত শ্রীবাস্তবের নিবেদনায় তৈরি এই মিউজিক ভিডিয়োর পরিচালনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন সম্মান রায়। গানে কৃষ্ণাণু ও সুনীতার প্রথম প্রেমের গল্প ফুটিয়ে তুলেছেন অভিনেতা আরিয়ুন ঘোষ ও সোমু সরকার। পুজোর উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কীভাবে ধীরে ধীরে দুটি মানুষের মন কাছাকাছি আসে, একটি চাহনি বা ছোটখাটো খুনসুটির মধ্য দিয়ে কীভাবে প্রথম প্রেমের অঙ্কুরোদগম হয়, তা অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিয়োতে। সোমরাজ দাসের লেখা সুন্দর কথামালা এবং দেবরাজ ভট্টাচার্যের মনকাড়া সুরের জাদুতে এই পুজোয় বাঙালির মন জয় করতে প্রস্তুত ‘হৃদ মাঝারের ঢেউ’।