পিসিওএস-এ আক্রান্ত? সকালের ছোট এই অভ্যাসগুলোই বদলে দিতে পারে আপনার জীবন!

পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS)-কে প্রায়শই শুধুমাত্র ঋতুচক্র ও হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা বলে মনে করা হয়। কিন্তু বাস্তব হলো, এই জটিল হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। প্রতিটি মানুষের ক্ষেত্রে এর লক্ষণ ও প্রভাব ভিন্ন হতে পারে। সচেতনতা বাড়াতে প্রতি বছর ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিসিওএস সচেতনতা মাস পালন করা হয়। এই পরিস্থিতিতে দিনের শুরুটা কীভাবে হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও সকালের কোনো নির্দিষ্ট রুটিন পিসিওএস-এর সম্পূর্ণ নিরাময় নয়, তবুও নিয়মিত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্যকর অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের নাটকীয় উন্নতি ঘটাতে পারে।
পিসিওএস ব্যবস্থাপনার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে সঠিক জীবনযাত্রার অভ্যাসের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, একটি ভালো সকালের রুটিন আসলে আগের রাতেই শুরু হয়ে যায়। শরীরের স্বাভাবিক কার্যকারিতার জন্য পর্যাপ্ত ও নিয়মিত ঘুম অত্যন্ত জরুরি। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর ও ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। গভীর রাতে মোবাইল ফোন ব্যবহার করার বদভ্যাস এড়িয়ে চলা শ্রেয়। ঘুম থেকে ওঠার পরপরই ফোন স্ক্রোল না করে নিজের জন্য কিছু শান্ত মুহূর্ত বের করুন। জানালা খুলে ঘরে প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশ করতে দেওয়া, কিছুক্ষণ চুপ করে বসে থাকা কিংবা হালকা স্ট্রেচিং বা শরীরচর্চা করা আপনার দিনটিকে আরও প্রশান্ত ও ভারসাম্যপূর্ণ করে তোলে।
ঘুমের পর শরীরের তরলের চাহিদা মেটাতে সকালের শুরুতেই এক গ্লাস জল পান করা অত্যন্ত কার্যকর। তবে কোনো তথাকথিত ‘ডিটক্স ড্রিংক’-এর জাদুকরি ফলের ওপর ভরসা না রেখে সারাদিন শরীরকে হাইড্রেটেড বা পর্যাপ্ত আর্দ্র রাখা বেশি জরুরি। এর পাশাপাশি, দৈনন্দিন রুটিনে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করা পিসিওএস নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। প্রতিদিন সকালে ১৫ থেকে ২০ মিনিট হালকা হাঁটা, স্ট্রেচিং, যোগব্যায়াম বা নিজের পছন্দমতো যেকোনো শারীরিক কার্যকলাপে নিজেকে যুক্ত রাখতে পারেন। মূল লক্ষ্য কঠোর এক্সারসাইজ করা নয়, বরং এমন একটি অভ্যাস গড়ে তোলা যা দীর্ঘমেয়াদিভাবে বজায় রাখা সম্ভব।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সকালের নাস্তাটি হওয়া উচিত পুষ্টিকর ও সুষম। ব্রেকফাস্টে প্রোটিন, ফাইবার এবং পুষ্টিকর কার্বোহাইড্রেটের সঠিক ভারসাম্য বজায় রাখা বাঞ্ছনীয়। ফল ও বাদাম মেশানো টক দই, সবজি দেওয়া পোহা, বেসন বা মুগ ডালের চিলা কিংবা ডিম ও সবজির স্বাস্থ্যকর পদ সকালের জন্য অত্যন্ত উপযোগী। অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা কেবল মিষ্টি চা-বিস্কুটের ওপর নির্ভর করা থেকে বিরত থাকুন। কোনো একটি নির্দিষ্ট ‘সুপারফুড’-এর পেছনে ছোটার চেয়ে সামগ্রিক ডায়েটে ভারসাম্য রক্ষা করা অনেক বেশি ফলদায়ক। সর্বপরি, পিসিওএস নিয়ন্ত্রণে ছোট ছোট স্বাস্থ্যকর পদক্ষেপগুলি নিয়মিত মেনে চলাই দীর্ঘমেয়াদে সুস্থ জীবনের একমাত্র পথ।