পিঠ বাঁচাতে আর আদালতে পালিয়ে বাঁচা যাবে না! মোদি জমানার আইনি সংঘাতে তোলপাড় রাজনৈতিক মহল

বিজেপি লোকসভা সাংসদ নিশিকান্ত দুবে এবং প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গার্গের মধ্যে চলা দীর্ঘদিনের মতবিরোধ এবার সরাসরি রূপ নিল আইনি লড়াইয়ে। প্রাক্তন অর্থসচিবের বিরুদ্ধে ২ কোটি টাকার একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছেন বিজেপি সাংসদ। একটি পডকাস্ট সাক্ষাৎকারে সুভাষ গার্গ তাঁর বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ তুলেছিলেন, তার প্রতিবাদেই এই কড়া পদক্ষেপ নিয়েছেন নিশিকান্ত দুবে।

মূল বিতর্কের সূত্রপাত হয় যখন সুভাষ গার্গ একটি পডকাস্টে দাবি করেন যে, ২০১৮ সালে নিশিকান্ত দুবে তাঁর অফিসে এসে একটি নির্দিষ্ট কাজ বা টাস্ক করিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। গার্গ অভিযোগ করেছিলেন যে, তিনি সেই কাজ করতে অস্বীকৃতি জানানোয় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছিলেন ওই সাংসদ। এমনকি তিনি নিশিকান্ত দুবেকে ‘চাপ সৃষ্টিকারী’ ও ‘ব্ল্যাকমেলার’ বলেও কটাক্ষ করেছিলেন। যদিও এই সমস্ত অভিযোগ প্রথম থেকেই দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছেন বিজেপি সাংসদ।

গত সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে মানহানির মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে নিশিকান্ত দুবে লেখেন, “পাতিয়ালা হাউস কোর্ট দিল্লি এবং দিল্লি হাইকোর্টে প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গার্গের বিরুদ্ধে ২ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হয়েছে। এখন আদালতই এর ফয়সালা করবে এবং এই মামলা আমার গত ১৮ বছরের সংসদীয় রাজনৈতিক কেরিয়ারকেও স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন করবে।” এর আগে গার্গকে আইনি নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় আইনি পথেই হাঁটেন সাংসদ।