পার্লারে হাজার টাকা খরচের দিন শেষ! মাত্র ২ উপাদানে দিওয়ালির আগেই বাড়িতে পান পার্লার লাইক গ্লো!

প্রতিবেদন:
বাড়ি ও অফিসের কাজের ব্যস্ততায় অধিকাংশ নারীই নিজের ত্বকের সঠিক যত্ন নেওয়ার সময় পান না। বিশেষ করে উৎসবের মরশুমে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে গেলে পকেট খালি হওয়ার উপক্রম হয়। কিন্তু সামনেই দীপাবলি! এই উৎসবের আবহে পার্লারে হাজার হাজার টাকা খরচ না করেই বাড়িতে থাকা মাত্র দুটি সাধারণ উপাদান দিয়ে আপনি পেতে পারেন ঝলমলে ও উজ্জ্বল ত্বক।

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় বেসন এবং টক দইয়ের জুড়ি মেলা ভার। বেসন ত্বক থেকে মৃত কোষ ও ক্ষতিকর ময়লা গভীরভাবে পরিষ্কার করে, অন্যদিকে টক দই ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এই দুটি উপাদানের ফেসিয়াল বাড়িতে মাত্র ৩টি সহজ ধাপে সম্পন্ন করা সম্ভব:

১. ক্লিনজিং: এক চা চামচ বেসনের সঙ্গে এক চা চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখ ও ঘাড়ে হালকা হাতে দু’মিনিট ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখের সমস্ত জমে থাকা ধুলোবালি নিমেষে দূর হবে।

২. স্ক্রাবিং: এক চা চামচ বেসন, আধা চা চামচ দই এবং এক চিমটি মোটা গুঁড়ো চিনি বা ওটস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে ৩-৪ মিনিট হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এটি ব্ল্যাকহেডস ও মৃত কোষ দূর করে ত্বক নরম করে।

৩. ফেসপ্যাক: দুই চা চামচ বেসন, এক টেবিল চামচ ঘন দই, সামান্য মধু ও এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন ফেসপ্যাক বানান। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন। সবশেষে সামান্য ময়শ্চারাইজার লাগালেই কেল্লাফতে!