পাঁচতারা হোটেলের পুলে কারেন্টের মারাত্মক ঝটকা! সাঁতার কাটতে গিয়ে মৃত্যু ২ বিদেশি পর্যটকের

বেঙ্গালুরুর উলসোরা (হালাসুরু) এলাকার অত্যন্ত বিলাসবহুল পাঁচতারা হোটেল ‘কনরাড’-এ এক মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হোটেলের সুইমিং পুলে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই বিদেশি নাগরিকের। নিহতদের মধ্যে একজন জার্মানির ও অন্যজন স্লোভাকিয়ার অধিবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পুলের জলের তীব্র স্রোতে তলিয়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থিস (৫৭), যিনি বিখ্যাত লুফথানসা এয়ারলাইন্সের ক্রু মেম্বার হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন স্লোভাকিয়ার বাসিন্দা ৪৫ বছর বয়সী ইউরাই হোরভাট, যিনি তথ্যপ্রযুক্তি জায়ান্ট ‘আইবিএম’-এর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিং পুলে সাঁতার কাটার সময় আচমকা এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। পুলে বিদ্যুৎ ছড়িয়ে পড়তে দেখে ৪১ বছর বয়সী মার্কিন পর্যটক ম্যাথিউ ডিসান্টিস এবং হোটেলের ২৮ বছর বয়সী পুল অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন। বর্তমানে মণিপাল হাসপাতালে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

প্রতি রাতে যেখানে থাকার সর্বনিম্ন খরচ ২৫,০০০ টাকার বেশি, সেখানে এমন চরম গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পরই তড়িঘড়ি হোটেলের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিং পুল বন্ধ রাখা হবে। পুলিশ একটি মামলা দায়ের করে কনরাড হোটেল কর্তৃপক্ষের অবহেলার তদন্ত শুরু করেছে।