পর্যটকদের প্রিয় সোনাঝুরির হাটের ভবিষ্যৎ অনিশ্চিত! আদালতের নির্দেশের ওপর সব ছেড়ে দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরে চলা জল্পনা আরও বাড়ল। হাটের স্থানান্তরের বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা স্পষ্ট বার্তা দিলেন যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে হাইকোর্টের নির্দেশের ওপর নির্ভরশীল।
বর্তমানে সোনাঝুরির হাট বন দফতরের জায়গায় বসে। এই জমি থেকে হাট সরানো নিয়ে আদালতে একটি মামলা চলছে। শুক্রবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে রাজ্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে আয়োজিত সিনার্জি ও বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন:
“সোনাঝুরির হাট চলছে। আদালতে মামলা চলছে। এখানে একটা হাট হচ্ছে। সোনাঝুরির আদলে এই হাট হচ্ছে। কিন্তু, সোনাঝুরির হাট সরবে কি না, সেটা আমি কী করে বলব। আদালত বললে থাকবে।”
রাজ্যের বিকল্প পরিকল্পনা
মন্ত্রী জানান, রাজ্য সরকার এই মামলার নিস্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আদালত যদি সোনাঝুরির হাট সরানোর নির্দেশ দেয়, তবে হাটের জন্য বিকল্প জমি খোঁজা হবে।
এছাড়াও, রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বীরভূমের আহমেদপুরে বন্ধ হয়ে যাওয়া চিনি কারখানায় একটি ‘বাণিজ্য উদ্যান’ গড়ে তোলার। হাটের বিকল্প হিসেবে এই উদ্যান গড়ে তোলা হতে পারে।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সোনাঝুরির হাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও, বীরভূমে শিল্প সম্ভাবনা নিয়ে তিনি উচ্ছ্বসিত। তিনি বলেন, “বীরভূমে শিল্প নিয়ে আলোচনা হচ্ছে। এতে আমার খুব আনন্দ হচ্ছে। আমি মনে করি, আরও উন্নয়ন হবে।”