পথকুকুর সংক্রান্ত তথ্য গোপন! পশ্চিমবঙ্গ-তেলেঙ্গানা বাদে সব রাজ্যের মুখ্যসচিবদের চরম হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট

পথকুকুর সংক্রান্ত মামলায় আবারও চরম ক্ষোভ প্রকাশ করে তোপ দাগল সুপ্রিম কোর্ট। হলফনামা জমা না দেওয়ায় সর্বোচ্চ আদালতের নির্দেশ—পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা ছাড়া অন্য রাজ্যের মুখ্যসচিবদের আগামী ৩ নভেম্বর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

শুক্রবার সলিসিটার জেনারেল তুষার মেহতার ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ করে বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ কার্যত কড়া বার্তা দিয়েছে।

বিচারপতির তীব্র পর্যবেক্ষণ: ‘সময় নষ্ট করেছেন’
শুনানির একটি পর্বে বিচারপতি বিক্রম নাথ কড়া পর্যবেক্ষণ দিয়ে বলেন, “আমরা যখন তাঁদের (মুখ্যসচিব) হলফনামা জমা দিতে বলেছিলাম তখন তাঁরা সময় নষ্ট করেছেন। আদালতের প্রতি কোনও সম্মান নেই! তাঁদের সশরীরেই হাজিরা দিতে হবে।”

গত কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট দিল্লি ও এনসিআর থেকে পথকুকুরদের স্থানান্তরিত করার রায় দিলেও পরে সেই রায়ের কয়েকটি অংশে পরিবর্তন আনা হয়। এরপর দেশের অন্য রাজ্যগুলিকেও পথকুকুর সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি জানানোর নির্দেশ দেওয়া হয়।

কেন এই তলব? জমা পড়েনি হলফনামা
আগস্ট মাসের ২২ তারিখ দেশের বিভিন্ন রাজ্যগুলিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু দেখা যায়, অধিকাংশ রাজ্যের তরফে কোনো হলফনামা জমা দেওয়া হয়নি।

এই প্রেক্ষাপটে, গত ২৭ অক্টোবর শুনানির সময় বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, হলফনামা কেন জমা দেওয়া হয়নি, তা সশরীরে হাজির হয়ে মুখ্যসচিবদের জানাতে হবে।

শুক্রবার সলিসিটার জেনারেল তুষার মেহতা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেন যে, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা বাদে অন্যান্য রাজ্যের মুখ্যসচিবদের ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে কড়া মনোভাব বজায় রাখে।

হলফনামায় কী জানতে চেয়েছিল আদালত?
২২ আগস্ট সর্বোচ্চ আদালত জানিয়েছিল, হলফনামায় মুখ্যসচিবদের কয়েকটি বিষয় বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। এর মধ্যে ছিল:

পুর-কর্তৃপক্ষের ভূমিকা।

তাদের এলাকায় পথকুকুরদের সঠিক সংখ্যা।

পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও টিকাকরণ সংক্রান্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

পথকুকুরদের ধরার জন্য কতজন কর্মী ও গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু বেশ কয়েক মাস অতিক্রান্ত হলেও অধিকাংশ রাজ্য এই তথ্য জমা না দেওয়ায় এবার চরম হুঁশিয়ারি দিল শীর্ষ আদালত।