নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে তুমুল বিক্ষোভ, ২০ জনের মৃত্যু, ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা জারি

প্রতিবেশী দেশ নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের গুলিতে অন্তত ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই উত্তাল পরিস্থিতিতে ভারত সরকার নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

গত শুক্রবার থেকে নেপাল সরকার ফেসবুক, ইউটিউব এবং এক্স-সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের যুবসমাজ, বিশেষ করে জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে জানিয়েছে যে তারা নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেছে, “আমরা নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বহু তরুণের প্রাণহানিতে আমরা মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, কাঠমান্ডুসহ নেপালের বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। তাই ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নেপাল সরকারের জারি করা নিয়ম ও নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, লাগাতার বিক্ষোভ এবং ব্যাপক প্রাণহানির পর নেপাল সরকার একপ্রকার নতিস্বীকার করে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সোমবার রাতে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, “সরকারের সিদ্ধান্ত জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।”