নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে! কারাগার ভেঙে ১৫০০-এর বেশি বন্দি পলাতক, দেশজুড়ে তাণ্ডব

নেপালে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরও রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা থামছে না। দেশজুড়ে বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটছে। সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিবাদীরা আরও হিংসাত্মক হয়ে উঠেছে, যার ফলে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ সৃষ্টি করেছে বিভিন্ন কারাগার ভেঙে বন্দিদের পলায়ন। ইয়ন নিউজের সূত্র অনুযায়ী, দেশজুড়ে কমপক্ষে সাতটি কারাগার থেকে ১৫০০-এর বেশি বন্দি পালিয়ে গেছে। দিল্লি বাজার জেল, জলেশ্বর জেল এবং বাঁকে জেলখানায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। জলেশ্বর জেল থেকে প্রায় ৯০০ বন্দি পালিয়ে গেছে বলে জানা গেছে। বাঁকে জেলখানায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে পাঁচ বন্দি নিহত এবং ২০০-এর বেশি বন্দি পালিয়ে গেছে।
নেপালের রক্সৌল সীমান্তে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা রুখতে নেপাল সেনাকে গুলি চালাতে হয়েছে, যাতে তিন বন্দি আহত হয়। দেশের অভ্যন্তরে একের পর এক সরকারি ভবন এবং ঐতিহ্যবাহী স্থান পুড়িয়ে দেওয়া হয়েছে। নেপালি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তাণ্ডব এখনো পুরোপুরি থামেনি।
সেনাবাহিনীর প্রধান জানিয়েছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে এবং তারপর পরিস্থিতি বুঝে কারফিউ শিথিল করা হতে পারে। পালিয়ে যাওয়া বন্দিদের পুনরায় গ্রেফতার করার জন্য সেনা তৎপর হয়েছে।