নীল-সাদা বিদায়, এবার গেরুয়ার ছোঁয়ায় সাজছে নবান্ন! কোন রঙে রাঙানো হচ্ছে রাজ্যের প্রশাসনিক সদর দফতর?

রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের বাইরের ফলকের রং আগেই গেরুয়া করা হয়েছিল। এবার গোটা নবান্ন ভবনের গায়েই পড়তে চলেছে নতুন রঙের প্রলেপ। দীর্ঘদিনের পরিচিত নীল-সাদা রং আর থাকছে না। তবে একেবারে গাঢ় গেরুয়া রঙও করা হচ্ছে না; প্রশাসনিক সূত্রে খবর, নবান্ন এবার সাজতে চলেছে হলুদ ও সাদা রঙের এক বিশেষ মিশ্রণে। যদিও নতুন রঙের এই শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের একাধিক স্তরে দীর্ঘ আলোচনার পর ভবনের রং বদলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং খুব শীঘ্রই এই কাজ শুরু হতে চলেছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সর্বত্র ‘রং বদলের’ এই ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন সরকারি ভবন, রাস্তার ধারের রেলিং থেকে শুরু করে উড়ালপুল—সর্বত্রই আগের নীল-সাদা রং মুছে ফেলে হলুদ-সাদা রঙের প্রলেপ লাগানো হচ্ছে। কোথাও কোথাও আবার সরাসরি গেরুয়া রঙের ব্যবহারও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই নবান্ন সংলগ্ন সভাঘর বা অডিটোরিয়ামেও ধীরে ধীরে এই রঙের পরিবর্তন ঘটানো হয়েছে। এবার সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে রাজ্যের মূল ক্ষমতার অলিন্দ নবান্ন।

কেমন হবে নবান্নের নতুন এই রূপ? প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র একরঙা হলুদ নয়, বরং সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের সংমিশ্রণে ভবনটিকে রাঙানো হবে। এই রঙের শেড দেখতে অনেকটাই গেরুয়ার মতো লাগবে। উল্লেখ্য, কয়েক মাস আগেই নবান্নের নামফলকে গেরুয়া রঙের ছোঁয়া দেখা গিয়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। এবার গোটা ভবনেরই আমূল ভোলবদলের পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নবান্নের সার্বিক সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র বা টেন্ডার ডাকা হয়েছিল এবং সেই প্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু মূল নবান্ন ভবনই নয়, এর পাশাপাশি উপান্ন ভবনেরও সংস্কার করা হবে। দুই ভবনের ভেতরে ও বাইরে প্রয়োজনীয় মেরামতির কাজও অন্তর্ভুক্ত রয়েছে এই পরিকল্পনায়। সব মিলিয়ে এই মেগা সংস্কার প্রকল্পে কয়েক কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এদিকে, নবান্নের এই রং বদল ও সংস্কারের খবরের পাশাপাশি রাজ্যের মূল প্রশাসনিক দফতর ফের পুরনো ঠিকানা অর্থাৎ মহাকরণে সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে জল্পনা চলছিল। তবে নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত মহাকরণে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা রাজ্য সরকারের নেই। ঐতিহ্যবাহী হেরিটেজ মর্যাদাসম্পন্ন মহাকরণের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে ঠিকই, কিন্তু সেখানে বর্তমান সময়ের উপযোগী মন্ত্রিসভার বৈঠক কিংবা বড়সড় কোনো সরকারি কর্মসূচি আয়োজনের মতো প্রয়োজনীয় আধুনিক পরিকাঠামো নেই। ফলে সমস্ত জল্পনায় জল ঢেলে আপাতত নবান্ন থেকেই রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হবে।