তীব্র শীতে নির্বাচনের প্রতিবাদ করতেই বড় অ্যাকশন! ৬০ দিনের জন্য গৃহবন্দি করা হল সোনম ওয়াংচুককে

আগামী ৪ ডিসেম্বর লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের (LAHDC) নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তীব্র শীতের মধ্যে ভোট করানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নামার পরই বিশিষ্ট পরিবেশকর্মী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে আগামী ৬০ দিনের জন্য ‘গৃহবন্দি’ করার নির্দেশ দিল স্থানীয় প্রশাসন। একইসঙ্গে আগামী দু’মাস তিনি কোনও জনসভা, জমায়েত বা মিছিলে অংশ নিতে পারবেন না বলেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লেহ-র অতিরিক্ত জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৬৩ ধারা প্রয়োগ করে এই নির্দেশিকা জারি করেছেন।

পুলিশের গোয়েন্দা রিপোর্ট এবং লেহ-র পুলিশ প্রধানের চিঠির ভিত্তিতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। তবে সরকারি নির্দেশনামা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগেই সামাজিক মাধ্যম ‘এক্স’-এ নিজের গৃহবন্দি হওয়ার খবর ফাঁস করেন সোনম ওয়াংচুক। তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “আমাকে গৃহবন্দি করা হয়েছে। কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তারক্ষী আমার বাড়ি ঘিরে রেখেছে, অথচ সরকারি ভাষ্যে বলা হচ্ছে আমাকে নাকি কেবল ‘বাড়িতে থাকার পরামর্শ’ দেওয়া হয়েছে। গত বছর লেহ-তে গুলিচালনায় মৃত্যুর ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট কেন বিলম্বিত হচ্ছে এবং কেন মাঝ শীতে রকেটের গতিতে মানুষের ওপর ভুয়ো কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে—এমন সব অস্বস্তিকর প্রশ্ন তোলার জন্যই প্রশাসনের এই পদক্ষেপ।” গোটা লাদাখ জুড়ে প্রতিবাদ চলছে জানিয়ে তাঁর এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্টের রিচ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তোলেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশের পর লাদাখে এটিই প্রথম বড় নির্বাচনী প্রক্রিয়া। আটটি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট ১০০টি আসনে (যার মধ্যে ৩৬টি মহিলাদের জন্য সংরক্ষিত) আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর, যাচাই ১৮ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২০ নভেম্বর নির্ধারিত হয়েছে। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি ১৯২টি পঞ্চায়েত (যার মধ্যে ৫৫ জন সরপঞ্চ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী) এবং লেহ (২১টি ওয়ার্ড) ও কার্গিল পুরসভার (১৭টি ওয়ার্ড, যার ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে) নির্বাচনও একইসঙ্গে চলছে।

শীতকালে ভোট করানোর সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে লাদাখের মুখ্যসচিব আশিস কুন্দ্রা জানান, নতুন অর্থবর্ষের বাজেট তৈরির জন্য নবনির্বাচিত পরিষদগুলিকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস সময় দেওয়া অত্যন্ত জরুরি। আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে ভোটকেন্দ্রগুলিতে হিটারের ব্যবস্থা এবং বয়স্কদের জন্য আলাদা লাইনের বন্দোবস্ত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর যুক্তি, “লাদাখে সাধারণত ১৫ বা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্কুল খোলা থাকে। শিশুরা যদি এই সময়ে স্কুলে যেতে পারে, তবে প্রাপ্তবয়স্কদের ভোট দিতে বেরোতে কোনও অসুবিধা হওয়া উচিত নয়।” এ ছাড়া আটটি জেলা গঠনের পর আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন জনসংখ্যার ভিত্তিতেই নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া লেহ ও কার্গিলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলি এই নির্বাচনের তীব্র বিরোধিতা করেছে। তাঁদের মতে, হাড়কাঁপানো শীতের কারণে বহু মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন। প্রতিবাদে মঙ্গলবার কার্গিলে সম্পূর্ণ বন্‌ধ পালিত হয়েছে। পাশাপাশি, লেহ-র ‘লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন’ পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। তবে প্রশাসনের মতে, তৃণমূল স্তরে গণতন্ত্র মজবুত করতে এবং নবগঠিত জেলাগুলিতে নির্বাচিত প্রতিষ্ঠান গড়তে সময়মতো এই নির্বাচন অপরিহার্য।