‘দলের নাম ভাঙিয়ে তোলাবাজি চলবে না!’ দলীয় কর্মীদের চরম হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতির

ফের নিজের দলের কর্মী ও নেতাদের উদ্দেশে চরম কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একইসঙ্গে শৃঙ্খলাভঙ্গের বিষয়ে দলকে সতর্কও করে দিলেন তিনি। শুক্রবার কলকাতা উত্তর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অরাজকতা, তোলাবাজি এবং দলবদল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সুর চড়ান রাজ্য বিজেপি সভাপতি। পাশাপাশি প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকেও তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শীর্ষ নেতৃত্ব বারবার দলের অন্দরে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিচ্ছে। তা সত্ত্বেও বিভিন্ন ইস্যুতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিরোধীরা কটাক্ষ করার সুযোগ ছাড়ছে না।

এদিনের সভামঞ্চ থেকে তোলাবাজি ও দলের নাম ভাঙিয়ে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গর্জে ওঠেন শমীক ভট্টাচার্য। কর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট বলেন, “এই অরাজকতা কোনওভাবেই চলতে দেওয়া যাবে না। একদম চিহ্নিত করুন, যারা আমাদের দলের পতাকাকে, আমাদের দলের রংকে কলঙ্কিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর (FIR) করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, আমাকে কাগজ দেবেন, আমি তাদের জেলে ঢুকিয়ে দেব।” দলের ভাবমূর্তি রক্ষায় তিনি আরও বলেন, “বিজেপির নাম ব্যবহার করে কিছু জায়গায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যাতে সাধারণ মানুষ দুঃখ পাচ্ছেন। এই মানুষগুলোকে অবিলম্বে চিহ্নিত করতে হবে।”

দলীয় নেতা ও প্রশাসনের একাংশের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি নিয়েও এদিন কড়া অবস্থান নেন রাজ্য সভাপতি। তিনি বলেন, “কিছু কিছু জায়গায় পুলিশ মনে করছে আমরা মণ্ডল সভাপতি। আবার কিছু মণ্ডল সভাপতি ভাবছেন, পুলিশ আমার কথাতেই চলবে, তিনিই যেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দু’টোর কোনওটাই বরদাস্ত করা হবে না।”

নিজের দলের কর্মীদের শাসন করার পাশাপাশি প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন শমীক ভট্টাচার্য। অতীতের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, “তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে যা করেছে, তার মাত্র ২ শতাংশও যদি বিজেপি ফিরিয়ে দিত, তাহলে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক, অনেক কাউন্সিলর আজ জীবিত থাকতে পারতেন না। কিন্তু আমরা কোনও ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সেই পথে হাঁটিনি।”

অন্যদিকে, রাজ্যের তোলাবাজি সংস্কৃতি নিয়ে তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। অকপটে বাস্তব পরিস্থিতি স্বীকার করে তিনি বলেন, “আমি এটা অস্বীকার করব না, আর এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। কারণ, তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা পুরোপুরি ফেরত আসবে না। আমি ব্যক্তিগতভাবে আমার বিধানসভা এলাকার মধ্যে যতটা বন্ধ করতে পেরেছি, তাও যে ১০০ শতাংশ করতে পেরেছি, এমনটা দাবি করব না।” শীর্ষ নেতৃত্বের এই জোড়া বার্তায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।