নির্বাচন কমিশনের বড় চাল! তামিলনাড়ুর আইন-শৃঙ্খলার দায়িত্বে বাংলার আইপিএস সুপ্রতিম সরকার

নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের এডিজি সিআইডি (ADG CID) এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে ‘পুলিশ অবজারভার’ (Police Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে।
কেন এই নিয়োগ?
সূত্রের খবর, তামিলনাড়ুর তিরুনেলভিলি জেলায় নির্বাচনের দিনগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় বিষয় থাকবে তাঁর নজরদারিতে। এর আগে এই পদের জন্য প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব নিতে অসমর্থ হওয়ায় কমিশন তড়িঘড়ি সুপ্রতিম সরকারকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে।
রদবদল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা:
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল নিয়ে শাসক শিবিরের সঙ্গে কমিশনের সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গণবদলি নিয়ে বারবার সরব হলেও কমিশন নিজের অবস্থানে অনড়। এমনকি নন্দীগ্রাম ও ভবানীপুর-সহ একাধিক থানার ওসি ও বিডিও মিলিয়ে মোট ২৬৭ জন আধিকারিকের বদলিকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।