নির্বাচনী মানচিত্র বদলের চাবিকাঠি জ্ঞানেশ কুমারের হাতেই? ডিলিমিটেশন বিলে কী নতুন প্রস্তাব?

আগামী ৩০ নভেম্বর শুরু হতে চলা সংসদের অধিবেশনে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল ২০২৬ পাশ করাতে তৎপর কেন্দ্র। সংশোধিত খসড়ায় সব রাজ্যেই লোকসভার আসন সমহারে ৫০ শতাংশ বাড়িয়ে আগামী ২৫ বছর তা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বিল পাশ হলে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে গঠিত ডিলিমিটেশন কমিশনের পদাধিকারবলে সদস্য হবেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার বা তাঁর মনোনীত প্রতিনিধি। ফলে ভারতের নির্বাচনী মানচিত্র পুনর্গঠনের ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংশোধিত খসড়ায় কী বদল? গত এপ্রিল মাসে লোকসভায় মূল ডিলিমিটেশন বিল ২০২৬ পেশ করা হলেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা পাশ করাতে পারেনি সরকার। রাজ্যগুলির আনুপাতিক আসন-ভাগ নিয়ে ওঠা উদ্বেগ দূর করতে এবার বিলে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, সব রাজ্যে লোকসভার আসন সরাসরি ৫০ শতাংশ বাড়ানো হবে এবং আগামী ২৫ বছর সেই সংখ্যা অপরিবর্তিত থাকবে; ফলে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাতে বদল আসবে না। তবে সংশোধিত খসড়ার কপি এখনও সামনে না আসায় কেন্দ্রের সীমানা পুনর্গঠনে ‘জেরিম্যান্ডারিং’ বা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার মতো জনবিন্যাস ভাগ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা।

কমিশনে জ্ঞানেশ কুমারের ভূমিকা ও মেয়াদ প্রস্তাবিত ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যান থাকবেন সুপ্রিম কোর্টের কর্মরত বা প্রাক্তন বিচারপতি। পদাধিকারবলে সদস্য হবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অথবা তাঁর মনোনীত নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনার। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে। ২০২৯ সালের লোকসভা ভোট নতুন সীমানায় করতে হলে ওই সময়ের মধ্যেই আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে।

বিতর্ক ও বিরোধীদের অবস্থান প্রাক্তন আইএএস আধিকারিক জ্ঞানেশ কুমার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব ছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিরোধীদের ‘ভোট চুরি’ প্রচারের অন্যতম নিশানা তিনি। চলতি বছরের মার্চে লোকসভার ১৩০ এবং রাজ্যসভার ৬৩ জন—মোট ১৯৩ জন বিরোধী সাংসদ তাঁকে অপসারণের নোটিস দিলেও চেয়ারম্যান ও স্পিকার তা খারিজ করেন। পরে ১৭ এপ্রিল সংবিধান (১৩১তম সংশোধনী) বিল লোকসভায় পরাজিত হওয়ার পর ফের অপসারণের নোটিস আনার উদ্যোগ নেয় বিরোধীরা এবং দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে প্রতীকী ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচিতে প্রায় ২৫০ জন বিরোধী সাংসদ অংশ নেন। এ ছাড়া এসআইআর নিয়ে কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের খবর সামনে এলেও নির্বাচন কমিশন ভোট চুরির অভিযোগকে “অসত্য ও ভিত্তিহীন” বলে খারিজ করেছে এবং জানিয়েছে, সব সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।

২০২৩ সালের আইনের অধীনে নিযুক্ত প্রথম মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার; ওই আইনে বাছাই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর মনোনীত এক কেন্দ্রীয় মন্ত্রীকে রাখা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০২৪ সালের ১৫ মার্চ নির্বাচন কমিশনার এবং ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন ১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের এই আধিকারিক।