বন দফতরে ৫০০ নিয়োগের প্রস্তাব! ডেপুটেশনেও আসবেন পুলিশকর্মী, কী জানালেন বনমন্ত্রী?

রাজ্য বন দফতরে কর্মী ও আধিকারিকের ঘাটতি মেটাতে ৪০০ কনস্টেবল এবং ১০০ সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আপাতত রাজ্য পুলিশ থেকে প্রায় ৫০০ কর্মীকে ডেপুটেশনে আনার উদ্যোগও চলছে বলে জানিয়েছেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। শুক্রবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই তথ্য জানান তিনি।
বৈকুণ্ঠপুরে ‘নগরবন’ প্রকল্পের অগ্রগতি দ্রুত নগরায়ণের মাঝেও সবুজ বনাঞ্চল বাঁচিয়ে রাখা এবং প্রকৃতি ও মানুষের সহাবস্থান জোরদার করার লক্ষ্যে শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর বনাঞ্চলে ‘নগরবন’ প্রকল্প বাস্তবায়নের কাজ এগোচ্ছে। বৈঠকে বনমন্ত্রী জানান, প্রকল্পটির বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর (DPR) তৈরির কাজ চলছে এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তা জমা পড়তে পারে। ডিপিআর চূড়ান্ত হলেই পরবর্তী ধাপের কাজ শুরু হবে।
হাতি-মানুষ সংঘাত কমাতে নজরদারি ও পাইলট প্রকল্প উত্তরবঙ্গের অন্যতম বড় সমস্যা হাতি ও মানুষের সংঘাত রুখতে একাধিক পদক্ষেপের কথাও বৈঠকে উঠে আসে। ফসলের টানে লোকালয়ে হাতির হানা রুখতে বক্সা, জলপাইগুড়ি ও গরুমারায় পাইলট প্রকল্প শুরু হয়েছে। বনমন্ত্রী জানান, ফেন্সিং, হাতি চলাচলের নালা তৈরি, সিসিটিভি এবং থার্মাল ক্যামেরার সাহায্যে হাতির গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে। বক্সায় এই পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য হাতি করিডরেও তা চালু করা হবে।
এ ছাড়া সংঘাত মোকাবিলায় স্থানীয়দের যুক্ত করার ওপর বিশেষ জোর দিচ্ছে বন দফতর। মাদারিহাটের কয়েকটি রেঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং গ্রামবাসীদের নিয়ে বিশেষ দল গড়ে তোলা হয়েছে, যাঁদের মাধ্যমে দিনরাত নজরদারি ও যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।