চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ মামলায় টাটা ট্রাস্টসকে স্বস্তি দিল না বম্বে হাইকোর্ট, ৩০ নভেম্বরের বোর্ড বৈঠকে সবুজ সঙ্কেত

টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের তৃতীয় দফায় পাঁচ বছরের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় দুটি টাটা ট্রাস্টকে জরুরি স্বস্তি দিতে অস্বীকার করল বম্বে হাইকোর্ট। শুক্রবার আদালতের এই নির্দেশের ফলে আগামী ৩০ নভেম্বর নির্ধারিত সূচি মেনেই টাটা সন্সের বোর্ড বৈঠক আয়োজনে আর কোনও বাধা রইল না।

বিচারপতি অভয় আহুজার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই বৈঠকের যেকোনও সিদ্ধান্ত বা ফলাফল আদালতের চূড়ান্ত নির্দেশের অধীন থাকবে। আদালতের পর্যবেক্ষণ, আজ কোনও স্বস্তি দেওয়া হচ্ছে না এবং নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ নভেম্বরের বৈঠক চলবে; বৈঠকের যেকোনও ফলাফল চূড়ান্ত নির্দেশের ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, টাটা ট্রাস্টস ওই বোর্ড বৈঠকের ওপর স্থগিতাদেশ চেয়ে অথবা বৈঠকটি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল। পাশাপাশি মনোনীত ডিরেক্টরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে চন্দ্রশেখরন যাতে তাঁর ‘কাস্টিং ভোট’ বা নির্ণায়ক ভোট প্রয়োগ করতে না পারেন, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছিল।

চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ টাটা ট্রাস্টসের স্যর দোরাবজি টাটা ট্রাস্ট (এসডিটিটি) এবং আরডি টাটা ট্রাস্ট (আরডিটিটি)—এই দুটি ট্রাস্ট টাটা সন্স এবং সংস্থার ছয়জন ডিরেক্টরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে। সেখানে তৃতীয় দফায় পাঁচ বছরের মেয়াদে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

ট্রাস্টগুলোর দাবি, গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড বৈঠকে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের যে প্রস্তাব পাস হয়েছিল, তা বৈধ নয়। কারণ, সংস্থার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ১২১ নম্বর ধারা অনুযায়ী প্রয়োজনীয় সম্মতিসূচক ভোট ওই প্রস্তাবে পড়েনি। এই মামলায় এসডিটিটি ৫০ কোটি টাকা এবং আরডিটিটি ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে, যার সঙ্গে বার্ষিক ১৮ শতাংশ হারে সুদের আবেদনও রয়েছে।

বম্বে হাইকোর্ট টাটা সন্স ও বোর্ড সদস্যসহ অন্যান্য বিবাদী পক্ষকে দুটি মামলার জবাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ২১ জানুয়ারি।