নার্সকে হেনস্তা ও ওড়না টেনে ফেলার অভিযোগ! বিএমওএইচ-এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ পুরুলিয়ায়

ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ)-এর বিরুদ্ধে কর্তব্যরত এএনএম (সহায়ক নার্স মিডওয়াইফ) কর্মীর সঙ্গে অশালীন আচরণ ও হেনস্তার অভিযোগে সরব হলেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার বিএমওএইচ-এর পদত্যাগের দাবিতে তাঁর দফতরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান পঞ্চাশের বেশি এএনএম কর্মী। পুরুলিয়ার ছাতনা ব্লকের কমলপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করেছেন বিএমওএইচ অর্চনা কুণ্ডু; কাজের চাপে রাগের বশে ধমক দেওয়ার কথা স্বীকার করে তিনি ক্ষমা চাওয়ার দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার কমলপুর স্বাস্থ্যকেন্দ্রে যান বিএমওএইচ অর্চনা কুণ্ডু। কাউকে দেখতে না পেয়ে দায়িত্বে কে আছেন তা জানতে চেয়ে তিনি চিৎকার শুরু করেন বলে অভিযোগ। কর্তব্যরত এএনএম কর্মী বেরিয়ে এলে তাঁর ওপর চড়াও হন এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে ওই নার্সের ওড়না টেনে ফেলে দেন ও অপমানজনক হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। অপমানিত হয়ে ওই নার্স সেখান থেকে চলে যান বলে দাবি সহকর্মীদের। ঘটনা জানাজানি হতেই শুক্রবার দুপুরে বিএমওএইচ-এর দফতরের সামনে বিক্ষোভে সামিল হন ছাতনা ও জেলার এএনএম কর্মীরা। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে মৌখিক অভিযোগ জানানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের হয়নি।

অন্যদিকে, হেনস্তার অভিযোগ সম্পূর্ণ নাকচ করেছেন বিএমওএইচ অর্চনা কুণ্ডু। তাঁর বক্তব্য, এ ধরনের কোনও আচরণ বা হুমকি তিনি দেননি; কর্মীরা তাঁর কাছে মেয়ে-বোনের মতো। গত কয়েক দিনের কাজের চাপ থেকেই রাগের মাথায় ধমক দিয়েছিলেন এবং রাতে মেসেজ করে ক্ষমাও চেয়ে নিয়েছেন বলে জানান তিনি।

স্বাস্থ্যকর্মীদের দাবি, সম্প্রতি কমলপুর স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনায় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটের পর থেকেই চাপে রয়েছে প্রশাসন। সেই ঘটনার জের টেনেই এএনএম কর্মীদের ওপর ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছাতনা ব্লকের এইচএফ (এএনএম) মৌসুমী কুণ্ডুর। পাশাপাশি মাসের বেশির ভাগ দিন বিএমওএইচ-কে দফতরে না পাওয়া এবং দেরিতে অফিসে আসার মতো কর্তব্যে গাফিলতির অভিযোগও তুলেছেন বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীরা।