নিরাপত্তাহীন রেলস্টেশন, স্বামী বাইরে যেতেই ধর্ষণের শিকার তরুণী! ৩০০ কিমি পথ পেরিয়ে জানালেন অভিযোগ

মধ্যপ্রদেশের সিংরাউলি রেল স্টেশনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন এক ২৫ বছর বয়সী তরুণী। স্বামী তাঁকে স্টেশনে একা রেখে বাইরে গেলে, শৌচাগারের পাশে ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগ দায়ের করার জন্য তাঁকে ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে অন্য শহরে যেতে হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাটি ঘটে। কাজের সূত্রে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় থাকা এই দম্পতি নিজেদের বাড়ি সিধিতে যাচ্ছিলেন। সিংরাউলি স্টেশনে পৌঁছে তাঁরা আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এই সময় তরুণীর স্বামী কিছুক্ষণের জন্য বাইরে যান। সেই সুযোগে ২২ বছর বয়সী এক তরুণ ওই তরুণীর মুখ চেপে ধরে এবং শৌচাগারের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত নিজের নাম প্রকাশ করে হুমকি দেয় যে, কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না।
ধর্ষণের শিকার হওয়ার পরও তরুণী সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করতে পারেননি। কারণ, তাঁর অভিযোগ, সিংরাউলি রেল স্টেশনে কোনো মহিলা পুলিশ ছিল না। এই কারণে তিনি এবং তাঁর স্বামী সেখান থেকে ৩০০ কিলোমিটার দূরে কাতনি শহরে পৌঁছান। কিন্তু সেখানেও থানায় কোনো মহিলা পুলিশ না পেয়ে তাঁরা আরও হতাশ হন। অবশেষে, জবলপুর রেল পুলিশের এক মহিলা আধিকারিক খবর পেয়ে কাতনিতে গিয়ে তরুণীর বয়ান রেকর্ড করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে মধ্যপ্রদেশের ছতরপুরেও একই ধরনের একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল। সেখানে মহাকাল আশ্রমের এক মন্দিরের পুরোহিত ছয় এবং পাঁচ বছরের দুই নাবালিকা বোনকে প্রসাদ দেওয়ার লোভ দেখিয়ে মন্দিরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। দুই বোন বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়লে এই ঘটনা প্রকাশ্যে আসে। গ্রামবাসীরা জানিয়েছেন, এই পুরোহিতের বিরুদ্ধে এর আগেও দু’বার যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, কিন্তু তখন কেউ থানায় অভিযোগ জানায়নি। এই ঘটনায় পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।