নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও ফ্ল্যাটে চুরি! মধ্যমগ্রামে ১৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের, আতঙ্কে আবাসন

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশিরকুঞ্জ এলাকার একটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আবাসনে রক্ষী, সিসি ক্যামেরা ও কঠোর পরিচয় যাচাইয়ের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও চুরির ঘটনায় অন্যান্য বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক গুরুতর প্রশ্ন।
সৌরেন ঘোষ নামে এক বাসিন্দার ফ্ল্যাটের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যায়। চুরি গিয়েছে প্রায় ১৫-১৬ লক্ষ টাকার সোনার গয়না এবং প্রায় ১৫ হাজার টাকা নগদ। জানা গেছে, চুরি যাওয়া গয়নাগুলি সৌরেনবাবু তাঁর মেয়ের বিয়ের জন্য কিনে ফ্ল্যাটেই রেখেছিলেন।
পুলিশের অনুমান, সৌরেনবাবু স্ত্রী দীপান্বিতা ঘোষকে নিয়ে প্রতি সোম, বুধ ও শুক্রবার বাইরে যান (দীপান্বিতা ঘোষ টিউশন পড়ান)। এই সুযোগেই চোরেরা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে আবাসনের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। যেখানে প্রবেশের সময় প্রত্যেককে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং প্রতি পদে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী মোতায়েন আছে, সেখানে কীভাবে কেউ নজরে না পড়ে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি করে চলে গেল?
আবাসনের বাসিন্দারা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। তাঁরা এর দ্রুত তদন্ত দাবি করেছেন।
খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই সৌরেনবাবুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ আবাসনের নিরাপত্তারক্ষী ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি, এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজেও নজরদারি চালানো হচ্ছে।