নিজের রক্তেই ধোকা! আট মাসের দুধের শিশুকে পাথরে আছড়ে খুন করল বাবা, রাজস্থানের ঘটনায় শিউরে উঠল দেশ!

পারিবারিক শত্রুতাবশত নিজের ভাইয়ের পরিবারকে মিথ্যা খুনের মামলায় ফাঁসাতে গিয়ে আট মাস বয়সী নিজের দুধের শিশুকন্যাকেই নৃশংসভাবে হত্যা করল এক পাষণ্ড বাবা! চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কারৌলি জেলার হিন্দাউন শহরের খেদে কা পুরা এলাকায়। নিজের অপরাধ ঢাকতে এবং প্রতিপক্ষকে জেল খাটাতে নিজের জন্মদাতা বাবাই যে এত বড় নৃশংস কাণ্ড ঘটাতে পারে, তা ভেবে শিউরে উঠছেন তদন্তকারী পুলিশ অফিসাররাও।
পুলিশ সূত্রে খবর, গত ২৮ অক্টোবর ভোরে রামদেব জাটভ নামের এক ব্যক্তি হিন্দাউন থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২৭ অক্টোবর রাতে তাঁর বড় ভাই রামচরণের তিন ছেলে— রামবীর, দীনদয়াল ও হীরালাল তাঁদের বাড়িতে বেআইনিভাবে ঢুকে লাঠি নিয়ে হামলা চালায়। মারামারির সময় রামবীরের মারাত্মক আঘাতে তাঁর আট মাসের শিশুকন্যার মাথায় গভীর ক্ষত তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার তদন্তে নেমে ভরতপুর রেঞ্জের ডিআইজি প্রীতি চন্দ্র এবং পুলিশ সুপার লোকেশ সোনওয়ালের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। তবে নিরপেক্ষ প্রত্যক্ষদর্শীদের বয়ান গ্রহণ করতেই খুলে যায় আসল রহস্যের জট। পুলিশ জানতে পারে, ঘটনার রাতে রামদেবের সঙ্গে তাঁর স্ত্রী রেশমার চরম ঝগড়া হয়। রাগের মাথায় স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে গেলে গ্রামবাসীরা তাঁকে বুঝিয়ে ফিরিয়ে আনেন। পরদিন ফের দম্পতির মধ্যে বচসা শুরু হলে রামবীর সেখানে গিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রামদেব।
প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে রামদেব তাঁর আট মাসের কন্যাসন্তানকে নৃশংসভাবে একটি শক্ত পাথরের ওপর আছড়ে হত্যা করেন। এরপর ঠান্ডা মাথায় ভাইয়ের ছেলেদের খুনি বানাতে থানায় গিয়ে সাজানো গল্প ফাঁদেন। তবে পুলিশের সুক্ষ্ম জিজ্ঞাসাবাদ ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে রামদেবের বয়ানে গরমিল ধরা পড়ে। গত ৩১ অক্টোবর পুলিশ মূল অভিযুক্ত বাবা রামদেব জাটভকে গ্রেফতার করেছে।