নয়া দিল্লির জেওয়ার বিমানবন্দরের নাম বদল! মোদীর নামে নামকরণে ঐতিহাসিক সিদ্ধান্ত যোগী মন্ত্রিসভার

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার জেওয়ারে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে দেশের প্রধানমন্ত্রীর নামে রাখার প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। শুক্রবার লখনউয়ে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই নাম বদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন প্রস্তাব অনুযায়ী, এই মেগা প্রকল্পের নাম হতে চলেছে ‘নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নয়ডা-জেওয়ার’।

এদিনের বৈঠকে উত্তরপ্রদেশকে এই ধরনের বিশ্বমানের পরিকাঠামো উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আগামী দিনে এটি শুধুমাত্র উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দরই হয়ে উঠবে না, বরং দেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম বিমান পরিবহণ কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করবে।

পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণের পর থেকে জনসেবা ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। দিল্লি-এনসিআর অঞ্চলের অন্যতম প্রধান এই বিমানবন্দর চালু হলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর থেকে যাত্রী ও বিমান চলাচলের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। প্রথম পর্যায়ে বছরে প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে তৈরি এই বিমানবন্দরের নামকরণ সংক্রান্ত রাজ্য সরকারের প্রস্তাব অনুমোদিত হওয়ার পর এবার চূড়ান্ত প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।