৫০ লক্ষ টাকা দিলেই মিলবে প্রশ্নপত্র! নিয়োগ দুর্নীতির মেগা কেলেঙ্কারিতে গ্রেফতার কেপিএসসি চেয়ারম্যান ও আইএএস আধিকারিক

নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্নফাঁস এবং লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেনের এক বিরাট কেলেঙ্কারির পর্দাফাঁস করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশনের (KPSC) আয়োজিত ভেটেরিনারি আধিকারিক নিয়োগ পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই কেপিএসসি চেয়ারম্যান সাহুকার শিবশঙ্করপ্পা, বোর্ডের সদস্য বিভি গীতা এবং আইএএস আধিকারিক জ্ঞানেন্দ্র কুমার গংওয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের গত ৮ ও ৯ জানুয়ারি কেপিএসসি-র তরফে মোট ৪০০টি শূন্যপদে ভেটেরিনারি অফিসার পদের নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু ইডির তদন্তে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, পরীক্ষার বহু আগেই প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছিল। তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রক তথা আইএএস কর্মকর্তা জ্ঞানেন্দ্র কুমার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রশ্ন ও উত্তরপত্র কেপিএসসি সদস্য বিভি গীতার হাতে তুলে দেন।

তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, পরীক্ষার দিন আসন বিন্যাস অনুযায়ী প্রথম ৮০টি নির্দিষ্ট প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করা হতো। আর এই অবৈধ সুবিধার জন্য পরীক্ষার্থীপিছু ২০ লক্ষ থেকে শুরু করে একেবারে ৫০ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ বা ঘুষ দাবি করা হয়েছিল। ইডি ইতিমধ্যেই অন্তত ১০ জন এমন পরীক্ষার্থীকে শনাক্ত করেছে, যাঁদের কাছে এই ফাঁস হওয়া প্রশ্নপত্র ও উত্তর পৌঁছে গিয়েছিল। এই হাই-প্রোফাইল দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।