নবদ্বীপে রিসার্চ সেন্টারের জন্য ২ কোটি টাকা, আর কী কী ঘোষণা করলেন শুভেন্দু?

রাসপূর্ণিমার দু’দিন আগে নবদ্বীপ সফরে গিয়ে একাধিক উন্নয়নমূলক ও পরিকাঠামোগত প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুপুর নাগাদ নবদ্বীপে পৌঁছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের একটি মন্দিরে পুজো ও আরতি করেন তিনি। এরপর মন্দির কর্তৃপক্ষ ও মহারাজদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন দাবি ও আবেদনের কথা শোনেন এবং একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ঘোষণাগুলির কথা জানান তিনি।

রিসার্চ সেন্টারের জন্য ২ কোটি টাকা বরাদ্দ

মন্দির কর্তৃপক্ষের তরফে মহাপ্রভুকে কেন্দ্র করে নির্মীয়মাণ একটি রিসার্চ সেন্টারের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছিল। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, ভক্তদের আর্থিক সহায়তায় প্রভুর ওপর একটি রিসার্চ সেন্টার তৈরির কাজ চলছিল, কিন্তু অর্থের অভাবে তা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এই সেন্টারটির কাজ সম্পূর্ণ করার জন্য ২ কোটি টাকা অর্থ বরাদ্দের ঘোষণা করেন তিনি।

নদীর ঘাট সংস্কার, স্থায়ী ব্রিজ ও লঞ্চ পরিষেবা

নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে তৈরি একটি নদীর ঘাট ভেঙে গিয়েছে এবং সেটি নতুন করে সংস্কার করা হবে।

স্থায়ী সেতুর দাবি প্রসঙ্গে তিনি বলেন, একটি স্থায়ী ব্রিজ তৈরির আবেদন জানানো হয়েছে এবং সেটির পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তবে স্থায়ী ব্রিজ নির্মাণে সময় লাগবে। তাই ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত নদী পারাপারের সুবিধার্থে সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালু করা হবে। ঘাট সংস্কারের কাজ দু’মাসের মধ্যে শেষ হবে এবং আগামী ফেব্রুয়ারিতে এসে তিনি নিজে এই লঞ্চ পরিষেবার উদ্বোধন করবেন বলে জানান।

গোশালার সম্প্রসারণ ও সংস্কৃত টোল চালুর আশ্বাস

পুজো দেওয়ার পর এদিন শচীমাতা গোশালা পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী এবং সেই গোশালার এলাকা সম্প্রসারণের কথা ঘোষণা করেন। পাশাপাশি, মন্দির কর্তৃপক্ষের অনুরোধে এলাকায় একটি সংস্কৃত টোল ও গুরুকুল চালু করার বিষয়টিও তাঁর বিবেচনায় রয়েছে বলে আশ্বাস দেন তিনি। এই সমস্ত উন্নয়নমূলক কাজে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলেও স্পষ্ট জানান শুভেন্দু অধিকারী।

এদিন নবদ্বীপের বড় শ্যামা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভারতমাতার মন্দিরে বক্তব্য রাখার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর মায়াপুরে গিয়ে মন্দিরে পুজো দেওয়া এবং গো-সেবায় অংশ নেওয়ার কথাও রয়েছে।