‘মৃত্যুকে ভয় পাই না’—নয়া ফেসবুক পোস্টে বিস্ফোরক প্রলয় পাল! তবে কি হুমকির মুখে বিজেপি নেতা?

ফের একবার ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতি ও সোশ্যাল মিডিয়ায় তীব্র চর্চা শুরু হয়েছে নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পালকে নিয়ে। কিছুদিন আগেই তাঁর একটি ‘SIR’ সংক্রান্ত পোস্ট ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার নতুন করে একটি পোস্ট করে জল্পনা আরও উসকে দিয়েছেন তিনি।

রবিবারের ফেসবুক পোস্টে প্রলয় পাল লিখেছেন, “প্রতিবাদ করতে ভয় পাও? আমি তো পাইনা। কারণ, খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে, যাকে আমি ভয় পাইনা।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কোন ধরনের প্রতিবাদ করার কথা বলছেন তিনি এবং সেখানে মৃত্যুর প্রসঙ্গই বা কেন এল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে কি আগের পোস্টের পর তাঁকে কোনওভাবে ভয় দেখানো বা হুমকি দেওয়া হয়েছে? তিনি কি প্রাণনাশের আশঙ্কা করছেন? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আগের পোস্টে কী বলেছিলেন প্রলয় পাল?

দিন চারেক আগে নিজের ফেসবুক পোস্টে প্রলয় পাল লিখেছিলেন, “‘চোরেরা কনভার্ট হচ্ছে -জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই।’” ওই মন্তব্যে ৪ মে-র পর বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রতিই তিনি কটাক্ষ করেছিলেন বলে মনে করা হচ্ছে।

পরবর্তীতে নিজের অবস্থান স্পষ্ট করে প্রলয় পাল জানান, দলে অবাঞ্ছিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে এবং সেই কারণেই দলে ‘SIR’ প্রয়োজন বলে তিনি মনে করেন। তাঁর দাবি ছিল, তাঁর মতো হাজার হাজার নিচু তলার কর্মী, যাঁরা পরিশ্রম করে দলকে আজকের জায়গায় এনেছেন, তাঁরাও একই কথা মনে করেন; তিনি মূলত কর্মীদের সেই আবেগের কথাই তুলে ধরেছেন।

‘তৃণমূলীকরণ’ বিতর্ক ও শীর্ষ নেতৃত্বের অবস্থান

রাজ্যের রাজনীতিতে বিজেপির ‘তৃণমূলীকরণ’ নিয়ে জোর বিতর্ক চলছে। বিভিন্ন প্রান্তে শাসকদল ছেড়ে কখনও বিজেপিতে আবার কখনও অন্য দলে যোগদানের ঘটনাও সামনে আসছে। যদিও দলে ‘তৃণমূলীকরণ’-এর অভিযোগ মানতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের তরফে শমীক ভট্টাচার্য বারবারই দাবি করেছেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না। এমন আবহে প্রলয় পালের সাম্প্রতিক পোস্ট নতুন করে রাজনৈতিক চাপানউতর তৈরি করল।