নদী কেড়ে নিল দুই ভাই-বোনের প্রাণ, বনগাঁয় মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল থানা এলাকার নরহরিপুর পারুইপাড়ায় আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে নিভে গেল এক পরিবারের দুই প্রদীপ। বাড়ির পাশের নদীতে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ বছরের দিদি অঙ্কিতা মণ্ডল এবং চার বছরের ভাই সিদ্ধার্থ মণ্ডলের। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সুজয় মণ্ডলের দুই সন্তান অঙ্কিতা ও সিদ্ধার্থ। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে সবকিছু স্বাভাবিক ছিল। সকালবেলা পরিবারের সকলের সঙ্গে দুই ভাই-বোন একসঙ্গে খাওয়া-দাওয়াও করেছিল। কিন্তু এরপরই বিপত্তি ঘটে। কিছুক্ষণ পরেই সুজয় মণ্ডল তাঁর ছেলে-মেয়ের খোঁজ করতে গিয়ে দেখেন তারা বাড়িতে নেই। খোঁজাখুঁজি শুরু হলেও, এত বড় সর্বনাশ যে ঘটে গেছে, তা প্রাথমিকভাবে কেউ আঁচ করতে পারেননি।
এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন তাদের কোনো হদিস মেলেনি, তখন পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী নাওভাঙা নদীর ঘাটে খোঁজ শুরু করেন। সেখানেই অপেক্ষ করছিল ভয়াবহ দৃশ্য। নদী থেকে উদ্ধার করা হয় অঙ্কিতা ও সিদ্ধার্থের নিথর দেহ। এই দৃশ্য দেখে পরিবারের লোকজন সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে এলাকায় শোরগোল পড়ে যায়। দ্রুত দুই শিশুকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ধারণা, খেলতে খেলতেই হয়তো কোনোভাবে তারা নদীর জলে পড়ে গিয়েছিল। কিন্তু এমনভাবে যে তাদের জীবনদীপ নিভে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। দুই শিশুর অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, গোটা নরহরিপুর পারুইপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ এই মর্মান্তিক ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না।