ধনতেরাসের আগে মুর্শিদাবাদে চরম ব্যস্ততা! সোনা-রুপোর বাজারে কি রেকর্ড ভাঙবে এবছর?

আসন্ন ধনতেরাসকে কেন্দ্র করে এখন থেকেই চরম ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদের সোনা ও রুপোর কারিগরদের অন্দরে। শুক্রবার পবিত্র ধনতেরাস উপলক্ষে সোনা ও রুপো কেনার ঐতিহ্য রয়েছে। আর সেই চাহিদা মেটাতে গিয়েই এখন নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে নতুন নতুন ডিজাইনের গয়না তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। সোনা ছাড়াও এবছর রুপোর দাম খানিক নিয়ন্ত্রণে থাকায় এবং রুপোর অর্ধেক দামে নান্দনিক শোপিস বাজারে আসায় ক্রেতাদের আগ্রহ তুঙ্গে। কারিগরদের প্রত্যাশা, কালীপুজো ও ধনতেরাসের এই মরসুমে বিক্রি আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে।
এবছর ১০ গ্রাম সোনার দাম কিছুটা চড়া থাকলেও সামগ্রিক বাজার দর অনুকূল থাকায় গয়নার চাহিদা তুঙ্গে রয়েছে। কারিগর সুদীপ মণ্ডলের মতে, ধনতেরাসের বাজারে এবার মুম্বই চেন, গোট চেন, চোকার থেকে শুরু করে শাঁখা ও পলা বাঁধানো বিভিন্ন নান্দনিক ডিজাইনের গয়নার চাহিদা সবচেয়ে বেশি। অন্যদিকে, অন্য এক কারিগর উজ্জ্বল জানান, বাড়ির গৃহবধূ থেকে শুরু করে তরুণী—সবার জন্যই ছোট ও আকর্ষণীয় ওজনের সোনার গয়না দারুণভাবে নজর কাড়ছে। তবে বড় বড় ব্র্যান্ডেড শোরুমের রমরমার কারণে স্থানীয় ছোট দোকানগুলি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও ধনতেরাসের ঠিক আগের এই সময়ে কারিগরদের হাতের জাদুতে জমে উঠেছে বাজার।
সোনা কেনার আগে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা কিছু জরুরি টিপস দিয়েছেন। সোনা কেনার সময় সবসময় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফাইড এবং হলমার্ক করা খাঁটি সোনা কেনা উচিত। হিরের গয়না বা পাথর সেটিংয়ের ক্ষেত্রে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহৃত হয়, আর নিত্যদিনের গয়নার জন্য ২২ ক্যারেট সোনা সেরা পছন্দ। তাই প্রতারণা এড়াতে এবং সঠিক বিশুদ্ধতা যাচাই করতে কেনার আগে অবশ্যই ক্যারেটের মান দেখে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।