দেওর-বৌদির পবিত্র সম্পর্কে কার জন্য লাগল চিরধর? রাজনৈতিক মহলে শোরগোল ফেলে বিস্ফোরক কুণাল ঘোষ!

রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের সমীকরণ যেন বরাবরই নাটকীয়তায় ভরপুর। সম্প্রতি দলের অন্দরের এক নতুন ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপোড়েন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এবং দলবদলের জল্পনার প্রেক্ষিতে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যা দলের বর্ষীয়ান নেতা ও তাঁর বিধায়ক পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের পারদ অনেকটাই চড়িয়ে দেয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে তিনি ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ তত্ত্ব টেনে এনেছিলেন, যা ব্যক্তিগতভাবে ভীষণভাবে ক্ষুণ্ণ করেছিল চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। এমনকি এই অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে তিনি সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে নালিশ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন।
তবে সেই রাজনৈতিক উত্তাপের মাঝেই এবার সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের একটি হাসিমুখের ছবি পোস্ট করে তিনি এক আবেগঘন বার্তা দিয়েছেন। ফেসবুকে সেই ছবি শেয়ার করে তিনি আক্ষেপের সুরে লিখেছেন, “স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে!” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। কুণালের এই পোস্টে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম না করা হলেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই মন্তব্যের মূল নিশানা যে সুদীপবাবুই, তা জলের মতো পরিষ্কার।
অতীতে এই প্রসঙ্গে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেছিলেন যে তিনি কাউকেই কোনো ধরনের অসম্মান করেননি এবং নয়না বন্দ্যোপাধ্যায় তাঁর অত্যন্ত প্রিয় ‘বৌদি’। কিন্তু তা সত্ত্বেও দুই নেতার এই রাজনৈতিক বাদানুবাদ এবং অভ্যন্তরীণ কোন্দল যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনের আগে দলের হেভিওয়েট নেতাদের এই পারস্পরিক দ্বন্দ্ব বিরোধী শিবহকে আক্রমণ করার সুযোগ করে দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও কুণালের এই সাম্প্রতিক ফেসবুক পোস্টের পর এখনও পর্যন্ত নয়না বন্দ্যোপাধ্যায় কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেওর ও বৌদির এই সম্পর্কের বরফ আদৌ গলবে কি না এবং দলের অন্দরের এই ক্ষোভ কীভাবে প্রশমিত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য রাজনীতি।