দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম তালিকা ১৬ জুলাই! পছন্দের কলেজ না পেলে কী করবেন? জেনে নিন ডিইউ-এর নয়া নিয়ম

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (DU) ২০২৬ সালের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ায় এখন চূড়ান্ত উত্তেজনা। রেজিস্ট্রেশন ও কলেজ নির্বাচনের সব পর্যায় শেষে এখন লক্ষ লক্ষ পড়ুয়ার নজর ১৬ই জুলাইয়ের দিকে। এদিনই বিকেল ৫টায় প্রকাশিত হতে চলেছে প্রথম মেধা তালিকা (UG Admission List)। সিইউইটি (CUET UG 2026) স্কোর এবং পছন্দের ভিত্তিতে আসন বণ্টনের এই তালিকায় নাম আসা মানেই ডিইউ-তে আসন নিশ্চিত, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় পছন্দের কোর্স বা কলেজ অধরা রয়ে গেছে। এই অবস্থায় পড়ুয়াদের জন্য কী করণীয়, তা নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম দফার এই তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের ১৮ই জুলাইয়ের মধ্যে আসন গ্রহণ (Acceptance) করতে হবে এবং ২১শে জুলাইয়ের মধ্যে ফি জমা দিতে হবে। এরপরই শুরু হবে দ্বিতীয় দফার প্রক্রিয়া। দ্বিতীয় দফার আসন বণ্টন ২৫শে জুলাই দুপুর ১২টায় করা হবে, যেখানে ২৬শে জুলাই পর্যন্ত আসন গ্রহণ এবং ২৮শে জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এবছর ২৮শে জুলাই থেকেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের নতুন ক্লাস শুরু হবে।

প্রথম তালিকায় নাম আসার পর যদি কোনো পড়ুয়া তার কাঙ্ক্ষিত কলেজ বা কোর্স না পায়, তবে তাদের জন্য রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পথ: ‘ফ্রিজ’ (Freeze) ও ‘আপগ্রেড’ (Upgrade)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনো শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে আসন গ্রহণের পর সেটি ‘ফ্রিজ’ করে, তবে তার ভর্তি চূড়ান্ত বলে গণ্য হবে এবং সে পরবর্তী তালিকার জন্য বিবেচিত হবে না। কিন্তু যদি সে আসনটি গ্রহণ করার পর ‘আপগ্রেড’ অপশন বেছে নেয়, তবেই সে দ্বিতীয় বা পরবর্তী তালিকায় পছন্দের কলেজ বা কোর্স পাওয়ার সুযোগ পাবে। তবে মনে রাখতে হবে, আসন গ্রহণ না করলে ভর্তি প্রক্রিয়ার দৌড় থেকে পড়ুয়া সরাসরি বাদ পড়ে যাবে।

ভর্তি বিশেষজ্ঞ অধ্যাপক রবীন্দ্র গুপ্তের পরামর্শ অনুযায়ী, “পড়ুয়াদের কলেজ নির্বাচনের চেয়ে কোর্স নির্বাচনের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। ডিইউ-এর প্রায় সব কলেজের মানই সমান, তাই কোনো ভালো কোর্স পেলে কলেজের মোহে তা হাতছাড়া করা উচিত নয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের শিক্ষাবর্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত শারদীয় ছুটি, ২০ নভেম্বর থেকে ব্যবহারিক পরীক্ষা এবং ৪ ডিসেম্বর থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হবে ১লা জানুয়ারি ২০২৭ থেকে। তাই প্রথম তালিকায় পছন্দের সুযোগ না মিললেও ধৈর্য ধরে আপগ্রেডেশনের মাধ্যমে সঠিক কোর্সটি বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।