দিল্লির বিলাসবহুল হোটেলে প্রাক্তন পাইলটের রহস্যমৃত্যু! বিছানা থেকে উদ্ধার নিথর দেহ, নেপথ্যে কী?

দিল্লির বসন্ত কুঞ্জ উত্তর থানা এলাকার একটি নামী হোটেলে রহস্যজনক পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন ক্যাপ্টেনের মৃত্যু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তিনি ওই হোটেলে চেক-ইন করেছিলেন। পরের দিন সন্ধ্যায় তাঁর ভাই বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে হোটেল ম্যানেজারকে বিষয়টি জানান। ভাইয়ের উদ্বেগের ভিত্তিতে ম্যানেজারের নির্দেশে কর্মীরা রুমের সামনে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে তালাবদ্ধ রয়েছে। এরপর মাস্টার চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই প্রাক্তন ক্যাপ্টেনকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানা ও অপরাধ তদন্তকারী দলের প্রতিনিধিরা। পুলিশ দ্রুত ওই প্রাক্তন ক্যাপ্টেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত ১২ সেপ্টেম্বর সফদরজং হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং চিকিৎসকদের মতামত হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে হোটেলের সমস্ত নথিপত্র, চেক-ইন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য দিক খতিয়ে দেখছে বসন্ত কুঞ্জ উত্তর থানার তদন্তকারী অফিসাররা।