দিল্লিতে আটক বাংলার পরিযায়ী শ্রমিক, মুক্তিপণ চেয়ে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার

দিল্লিতে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মালদহের এক পরিযায়ী শ্রমিক। তাঁকে আটকে রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। প্রাণনাশের হুমকির মুখে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার কলিগ্রামে।
কী ঘটেছিল?
কলিগ্রামের বাসিন্দা নুর আলম, দুই মাসের চুক্তিতে রাজমিস্ত্রির কাজ করতে দিল্লি গিয়েছিলেন। স্থানীয় ঠিকাদার পিয়ার মোহাম্মদের মাধ্যমে তিনি এই কাজে যোগ দেন। চুক্তি শেষ হলেও নুর আলম বাড়ি না ফেরায় পরিবারের দুশ্চিন্তা বাড়ে। মঙ্গলবার হঠাৎই একটি অপরিচিত নম্বর থেকে নুর আলমের স্ত্রীর কাছে ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয়, দুই লক্ষ টাকা মুক্তিপণ না দিলে নুর আলমকে ছাড়া হবে না এবং টাকা দিতে দেরি হলে প্রতিদিন ২৫ হাজার টাকা করে বাড়বে। মুক্তিপণ না দিলে তাঁর স্বামীকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
ঠিকাদারের উপর সন্দেহ
নুর আলমের পরিবার পিয়ার মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের দাবি, পিয়ার মোহাম্মদ হয়তো মূল ঠিকাদারের টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। আর এর ফলস্বরূপ নুর আলমকে আটকে রাখা হয়েছে।
পুলিশের দ্বারস্থ পরিবার
নুর আলমের স্ত্রী সাহাজাদি খাতুন জানান, মুক্তিপণ ও প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে দুই নাবালক ছেলেকে নিয়ে তাঁরা চরম আতঙ্কে রয়েছেন। তিনি বলেন, “আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। এখন তাকে আটকে রাখা হয়েছে। এই বিষয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ আমার স্বামীর খোঁজ দিক।” চাঁচল থানা জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।