দিলজিৎ দোসাঞ্জের শো বন্ধ করার ধামকি! ইন্দোরের মেয়রকে ইমেলে ইমেল, ছড়াচ্ছে মারাত্মক আতঙ্ক

জনপ্রিয় পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট ঘিরে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আগামী ১৫ই নভেম্বর ইন্দোর শহরে আয়োজিত হতে চলেছে এই মেগা মিউজিক ইভেন্ট। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই নেমে এসেছে হুমকির কালো ছায়া। ইভেন্ট পণ্ড করে দেওয়ার হুমকি দিয়ে সরাসরি ইন্দোরের মেয়রের অফিশিয়াল ইমেল ঠিকানায় পাঠানো হয়েছে দুটি চিঠি!

ইমেলে খালিস্তানের উল্লেখ, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব নিজেই এই হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর দাপ্তরিক মেল আইডিতে পর পর দুটি হুমকিবার্তা এসেছে—একটি প্রায় ১৫ দিন আগে এবং অপরটি সম্প্রতি। ইংরেজিতে লেখা ওই ইমেলগুলোতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই ইন্দোরে এই কনসার্ট হতে দেওয়া যাবে না।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ইমেলের বিষয়বস্তুতে ‘খালিস্তান’ এবং একটি বিশেষ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা অনুধাবন করে মেয়র অবিলম্বে ইন্দোরের পুলিশ কমিশনারের হাতে মেলের অনুলিপি তদন্তের জন্য তুলে দিয়েছেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে।

“হুমকিতে ভয় নয়, ইন্দোরে শো হবেই”— আশ্বস্ত করলেন মেয়র এই হুমকিতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে মেয়র পুষ্যমিত্র ভার্গব শহরবাসীকে আশ্বস্ত করেছেন। এক কড়া বার্তায় তিনি বলেন, “ইন্দোরে সবসময় জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে। কোনো অশুভ শক্তি বা উগ্রপন্থী হুমকির কাছে নতিস্বীকার করে শহরের ইতিবাচক পরিবেশ থমকে যেতে দেওয়া হবে না।”

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কনসার্ট চলাকালীন কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে যাতে কোনোভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।