দিওয়ালির আগেই মর্মান্তিক কাণ্ড! বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ওপারে পাড়ি দিলেন ৭ জন, তোলপাড় বিহার

দীপাবলির আনন্দ ম্লান করে দিয়ে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বিহার। বাজি তৈরি করার সময় হঠাৎই এক মর্মান্তিক বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। উৎসবের মরশুমে এই ব়াক্ষুসে কাণ্ডে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া এবং তীব্র চাঞ্চল্য।
শুক্রবার বিকেলে বিহারের সিওয়ান জেলার বড়হদিয়া প্রখণ্ডের অন্তর্গত আলমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি বাড়িতে বাজি তৈরির কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানা পুলিশ এবং একাধিক অ্যাম্বুল্যান্স। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মৃতদের মধ্যে মাত্র একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যিনি ওই এলাকারই বাসিন্দা আমিরুদ্দিন মিয়া। উৎসবের মুখে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিরাপত্তা ও অবৈধ বাজি কারখানার রমরমা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।