দরজা খুলতেই হতবাক পরিবার! সুদীপ্ত ঘোষের বাড়িতে সিআরপিএফ ঘিরে কী খুঁজছেন ইডি আধিকারিকরা?

শুক্রবার সাতসকালে উত্তরপাড়ায় রাজ্য রাজনীতির পাশাপাশি পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটের বাসিন্দা তথা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়িতে আচমকাই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একাধিক আধিকারিক। ইডি আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর (সিআরপিএফ) জওয়ানরা। তারা এলাকায় পৌঁছেই বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করেন। এরপর ইডির প্রতিনিধি দলটি সরাসরি ঘরের ভেতর প্রবেশ করে চিরুনি তল্লাশি চালানো শুরু করে এবং সুদীপ্ত ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

হঠাৎ ভোরবেলায় এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর এমন সক্রিয়তা ও গোয়েন্দাদের অভিযান দেখে চমকে গিয়েছেন স্থানীরা। এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও অভিযানের আসল কারণ নিয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর, ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ বণ্টন সংস্থার অর্থ লেনদেন ও সম্পর্কিত আর্থিক তদন্তের সুত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। তল্লাশি চলাকালীন সুদীপ্ত ঘোষ জানান, ইডি তদন্তকারীরা আইনি অনুমতি নিয়েই এসেছেন এবং তিনি তাদের পূর্ণ সহযোগিতা করছেন। তবে এটিকে দুর্নীতি বলতে নারাজ তিনি। বর্তমানে ইডি আধিকারিকরা ভেতরেই নথি পরীক্ষা করছেন।