চিপস-বিস্কুটের প্যাকেটে এবার কড়া লাল সতর্কবার্তা! সুপ্রিম কোর্টের বড় নির্দেশে চাপে খাদ্য সংস্থাগুলি

চিপস, বিস্কুট, প্যাকেটজাত পানীয় কিংবা অন্যান্য প্রক্রিয়াজাত খাবার কেনার আগে এবার প্যাকেটের গায়ে চোখ রাখলেই বোঝা যাবে সম্ভাব্য বিপদের মাত্রা। অতিরিক্ত চিনি, নুন বা স্যাচুরেটেড ফ্যাট থাকলে প্যাকেটের সামনের অংশে আলাদা লাল সতর্কবার্তা দিতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। খাদ্যপণ্যের পুষ্টিগুণ সম্পর্কে ক্রেতাদের আরও সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, তিনটি উপাদানের জন্য একসঙ্গে একটি সতর্কবার্তা দিলে চলবে না। নির্ধারিত সীমার বেশি চিনি থাকলে ‘হাই সুগার’, নুন বেশি হলে ‘হাই সল্ট’ এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকলে ‘হাই ফ্যাট’ লেখা পৃথক লাল ষড়ভুজ চিহ্ন ব্যবহার করতে হবে। প্যাকেটের সামনের দিকে স্পষ্টভাবে এই চিহ্ন বসাতে হবে। পিছনের পুষ্টিগুণের তালিকা খুঁটিয়ে না দেখেও যাতে সাধারণ ক্রেতারা সহজেই সতর্ক হতে পারেন, সেটাই আদালতের মূল লক্ষ্য।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সাদা পটভূমির ওপর লাল রঙের ষড়ভুজের মধ্যে এই সতর্কবার্তা থাকবে। প্যাকেটের উপরের বাঁ দিকে তা রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি লেখার আকারও পিছনের পুষ্টিগুণের তালিকার হরফের তুলনায় অন্তত এক পয়েন্ট বড় হতে হবে। অর্থাৎ, চিনি, নুন বা ফ্যাট, যেকোনো একটি উপাদানের মাত্রা নির্ধারিত সীমা ছাড়ালেই সংশ্লিষ্ট সতর্কবার্তা বাধ্যতামূলক হবে।

এই বিষয়ে ২০২২ সাল থেকে নিয়ম তৈরির কাজ চললেও চূড়ান্ত সিদ্ধান্তে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআইয়ের প্রস্তাবে সংস্থাগুলিকে স্বেচ্ছায় নিয়ম মানার জন্য ৩৬৫ দিন সময় দেওয়ার কথা ছিল। কিন্তু জনস্বাস্থ্যের প্রশ্নে বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায় না বলে স্পষ্ট পর্যবেক্ষণ জানিয়েছে আদালত।

স্থূলতা, ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ার প্রেক্ষিতে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে প্যাকেটজাত খাবার ও মিষ্টি পানীয়ের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ রয়েছে। জনস্বাস্থ্যের অধিকার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছে আদালত। নতুন নিয়ম কার্যকর হলে খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর চাপ বাড়বে এবং খাবারে চিনি, নুন ও ফ্যাটের পরিমাণ কমানোর উদ্যোগও জোরদার হতে পারে।