রোগী ও কর্মীদের মাথা বাঁচল অল্পের জন্য! এনআরএস হাসপাতালের এক্স-রে রুমে সিলিং ধসে তীব্র আতঙ্ক

রাজ্যের অন্যতম প্রথম সারির সরকারি হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালের রেডিওলজি করিডরের ২ নম্বর এক্স-রে রুমে এই ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ২ নম্বর ঘরে এক রোগীর এক্স-রে করা হচ্ছিল। ঠিক সেই সময় আচমকাই সিলিং থেকে একটি বড় চাঙর হুড়মুড়িয়ে নিচে ভেঙে পড়ে। উপস্থিত বুদ্ধির কারণে সময়মতো সরে যাওয়ায় বড়সড় আঘাতের হাত থেকে বাঁচেন ওই রোগী এবং কর্তব্যরত টেকনিশিয়ানরা। ঘটনায় কেউ গুরুতর জখম না হলেও, হঠাৎ সিলিংয়ের অংশ ভেঙে পড়ার প্রবল শব্দে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাগজে-কলমে হাসপাতালের পরিকাঠামোর উন্নতির কথা বলা হলেও, বাস্তবে ভবনের কাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়মিত সংস্কারের অভাবেই কি এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে নানা মহলে।
চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, “অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। স্বাস্থ্যকর্মীরা রক্ষা পেয়েছেন এটাই ভালো কথা। তাঁরা মারাত্মক আহত হতেই পারতেন। হাসপাতালের বিল্ডিং রক্ষণাবেক্ষণ নিয়ে তো বারবারই কথা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।”