তেলের গুদামে দাউদাউ আগুন, চলল বুলডোজার! দিওয়ালির রাতে কোটির ক্ষতির মুখে জম্মু

আলোর উৎসব দীপাবলির আনন্দ মুহূর্তের মধ্যেই ঢেকে গেল ধোঁয়ার কুণ্ডলীতে। রবিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সবথেকে বড় শস্য গুদাম ও বাজারে (Jammu Warehouse Market) আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তেলের গুদাম থাকায় দেখতে দেখতে সেই আগুন লেলিহান রূপ ধারণ করে। এতে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত ৫ থেকে ৬টি বড় দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক দোকান। এই ঘটনার প্রতিবাদে এবং দমকলের গাফিলতির অভিযোগে সোমবার জম্মুতে বনধের ডাক দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন।
তেলের গুদামে মুহূর্তের মধ্যে ছড়ালো আগুন
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে জম্মুর ঐতিহ্যবাহী ওয়্যারহাউস বা শস্য বাজারে হঠাৎই আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলিতে প্রচুর পরিমাণে ভোজ্য তেল মজুত ছিল। ফলে আগুনের স্পর্শ পেতেই তা দ্রত বিস্ফোরক রূপ নেয় এবং চোখের নিমেষে আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জম্মুর ডেপুটি কমিশনার, ডিভিশনাল কমিশনার এবং স্থানীয় বিধায়করা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, আগুন যাতে বাজারে থাকা অন্য শত শত দোকানে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বুলডোজার এনে কয়েকটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ চেষ্টার পর দমকলের একাধিক ইঞ্জিন আগুন বাগে আনে।
বাজির আগুনে বিপর্যয়?
ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর দমকল বাহিনীর অনুমান, দীপাবলির রাতে ফাটানো কোনো বাজির স্ফুলিঙ্গ থেকেই হয়তো এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো নাশকতামূলক কারণ বা শর্ট সার্কিট রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
তীব্র ক্ষোভে সোমবার বনধের ডাক
এদিকে এই ঘটনায় বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ‘ওয়্যারহাউস ফেডারেশন’-এর অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হলেও দমকল বাহিনী ঘটনাস্থলে চরম দেরি করে পৌঁছায়।
ব্যবসায়ী নেতাদের দাবি, সময়মতো দমকলের ইঞ্জিন পৌঁছালে এত বড় বিপর্যয় ও কোটি টাকার ক্ষতি এড়ানো যেত। দমকলের এই চরম গাফিলতি ও উদাসীনতার প্রতিবাদ জানিয়ে সোমবার জম্মু ও কাশ্মীরজুড়ে বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী ফেডারেশন।