‘তৃণমূল আর ফিরবে না!’ অনুপম খেরের মাথার চুল ও ব্যাংক ব্যালেন্স নিয়ে শমীকের বিস্ফোরক মন্তব্য

রাইজিং ভারত সামিটের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। পুরনো সরকারের জমানায় নির্দিষ্ট কোনো ল্যান্ড পলিসি ছিল না বলে অভিযোগ করে তিনি জানান, বর্তমানে নতুন জমি নীতি আনা হচ্ছে, যার জেরে রাজ্যে বড় বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বহু ব্যবসায়ী তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বলেও দাবি করেছেন তিনি।

তৃণমূলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “অনুপম খেরের মাথায় চুল আসবে, কিন্তু পুরনো সরকার অর্থাৎ তৃণমূল আর ফেরত আসবে না।” তাঁর মতে, রাজ্যের মানুষ দীর্ঘ জমানার পর বিকল্প বেছে নিয়েছেন এবং পরিবর্তনই এখন একমাত্র সত্য।

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ‘আসল তৃণমূল’ হওয়া নিয়ে চলা লড়াই প্রসঙ্গে শমীক কটাক্ষ করে বলেন, এই পুরো লড়াইটি আসলে দলীয় ব্যাংক অ্যাকাউন্টে থাকা হাজার কোটি টাকা দখলের লড়াই। একটা রাজনৈতিক দল কখনও ‘ব্যান্ডপার্টি’ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বিরোধিতার সংজ্ঞা বোঝাতে গিয়ে তিনি জানান, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, দেশের বৃহত্তর স্বার্থেই শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন।

রাইজিং ভারত সামিটের এই মহাঞ্চে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পালদের পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের সৃজিত মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় এবং প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার মতো বিশিষ্টজনেরা।