তৃণমূলের মঞ্চে ‘শুভেন্দু জিন্দাবাদ’! কাঁথিতে খোদ মৎস্য কর্মাধ্যক্ষর স্লোগানে তোলপাড় রাজ্য রাজনীতি

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চে খোদ শাসকদলের নেতার মুখেই শোনা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জয়ধ্বনি! পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আয়োজিত এক সভায় এই বেনজির কাণ্ড ঘটিয়ে বসলেন তৃণমূলের নবনিযুক্ত কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মঞ্চ থেকে মাইক হাতে তিনি যখন ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’ স্লোগান দিলেন, তখন হতবাক অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা।
ভুল স্বীকার বনাম পুরনো ভিডিওর সাফাই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তি ঢাকতে তরুণ জানা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলে ছিলেন, তাই পুরনো অভ্যাসবশত ভুল করে ওই নাম বেরিয়ে গিয়েছে। তবে পরক্ষণেই তিনি আবার দাবি করেন, এটি বিরোধী দলের ছড়ানো কোনো ‘পুরনো ভিডিও’। যদিও এই যুক্তি মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ।
বিজেপির কটাক্ষ এই সুযোগ হাতছাড়া করেনি গেরুয়া শিবির। বিজেপি নেতা অসীম মিশ্রের বিদ্রুপ, “তৃণমূল নেতারা মনে মনে জানেন শুভেন্দু অধিকারীই আসল জননেতা, আজ সেটাই ওনার মুখ দিয়ে সত্যি হয়ে বেরিয়ে এসেছে।” সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবসের আনন্দ কাঁথিতে তৃণমূলের কাছে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।