আইপিএলে ৫ পুরস্কারের পর এবার টাইম ম্যাগাজিনের বিশেষ স্বীকৃতি! বৈভব সূর্যবংশীর মুকুটে নয়া পালক

বিভিন্ন ক্ষেত্রে আগামিদিনের উদীয়মান তারকা, যাঁদের কর্মকাণ্ড ও দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ভারতের ভবিষ্যৎ—এমনই সম্ভাবনাময় ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন (TIME Magazine)। প্রথমবার আত্মপ্রকাশ করা ‘TIME100 নেক্সট ইন্ডিয়া ২০২৬’ (TIME100 Next India 2026)-এর এই বিশেষ তালিকায় জায়গা করে নিলেন ভারতের ১৫ বছর বয়সি বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আরও আটজন ভারতীয় ক্রীড়াবিদের সঙ্গে প্রথম সংস্করণেই এই সম্মান অর্জন করলেন গত আইপিএল মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক।
তালিকায় আর কোন কোন ক্রীড়াবিদ রয়েছেন?বৈভব সূর্যবংশীর পাশাপাশি ক্রীড়াবিদ হিসেবে ‘TIME100 নেক্সট ইন্ডিয়া ২০২৬’-এর তালিকায় স্থান পেয়েছেন মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়িকা হরমনপ্রীত কৌর, অলিম্পিক্স পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাইন এবং ভারোত্তোলক মীরাবাঈ চানু। এছাড়াও দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা এবং ভারতীয় মহিলা হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ক্রীড়াক্ষেত্র ছাড়াও বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্র থেকে দেশের ভবিষ্যতের কারিগরদের বেছে নেওয়া হয়েছে।
বিশ্বতালিকার পর দেশের তালিকায়ও বৈভব উল্লেখ্য, দু’মাসেরও কম সময় আগে টাইম ম্যাগাজিনের বিশ্বব্যাপী ‘TIME100 নেক্সট’ তালিকায় একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছিলেন বিহারের এই কিশোর ব্যাটার। গত আইপিএল মরশুমে ৭৭৬ রান করে টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠতম কমলা টুপির (Orange Cap) মালিক হয়েছিলেন সূর্যবংশী। শুধু কমলা টুপিই নয়, ওই মরশুমে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP), সেরা প্রতিশ্রুতিমান ক্রিকেটার, সুপার স্ট্রাইকার এবং সুপার সিক্স—মোট পাঁচটি পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন এই বিস্ফোরক বাঁ-হাতি ব্যাটার।
একের পর এক রেকর্ড ও বর্তমান ব্যস্ততা বর্তমানে রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করছেন বৈভব সূর্যবংশী। তার ঠিক আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে বিহারকে নেতৃত্ব দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের নজির ভেঙে দিয়েছেন এই কিশোর। মাঠের এই ধারাবাহিক সাফল্যের মাঝেই টাইম ম্যাগাজিনের স্বীকৃতি তাঁর মুকুটে নয়া পালক যোগ করল।
আয়ুষ্মান খুরানার উচ্ছ্বসিত প্রশংসাবৈভব সূর্যবংশীর এই নতুন কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। টাইমের জন্য লেখা বিশেষ পরিচিতিতে এই কিশোর ক্রিকেটারকে ‘বদলে যাওয়া ভারতের প্রতীক’ বলে অভিহিত করেছেন তিনি। সূর্যবংশীর প্রশংসায় আয়ুষ্মান লিখেছেন, “১৪ বছর বয়সে আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটার থেকে এক বছরের মধ্যেই ভারতের হয়ে খেলে রেকর্ড তৈরি পর্যন্ত তাঁর এই অভাবনীয় যাত্রাপথ আমাদের শেখায় যে প্রতিভা যে কোনও জায়গা থেকেই উঠে আসতে পারে।”