তিস্তার উত্তাল স্রোতে ভেসে যাচ্ছিল ছোট্ট হাতি! মাঝিদের অভাবনীয় সাহসিকতায় প্রাণে বাঁচল ১৫ দিনের হস্তিশাবক

তিস্তা নদীর জলের তোড়ে ভেসে যাওয়া একটি ১৫ দিনের হস্তিশাবককে উদ্ধার করে তাক লাগিয়ে দিলেন স্থানীয় মৎস্যজীবীরা। শেষ কয়েক দিনে বৃষ্টি কম থাকায় গজলডোবার বিস্তীর্ণ অংশে তিস্তার জল কিছুটা কম ছিল। এই সুযোগে মাঝিরা মাছ ধরতে নদীর মাঝখানে গিয়েছিলেন। তখনই তাঁদের চোখে পড়ে, জলের প্রবল স্রোতে ভেসে চলেছে এক ছোট্ট হাতির শিশু।
উদ্ধারের রোমহর্ষক মুহূর্ত
দৃশ্যটি দেখা মাত্রই জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারে নেমে পড়েন মাঝিরা। তিস্তা ব্যারেজ থেকে পাঞ্জাব বাঁধ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে চলে এই অভিযান। তীব্র স্রোত উপেক্ষা করে নিজেদের ছোট ডিঙি নৌকায় সেই পুচকে হাতিটিকে তুলে নেন তাঁরা। নৌকায় ওঠার পর ভয়ে রীতিমতো লাফালাফি শুরু করে দেয় শাবকটি। মাঝিরা ভয় পেয়েছিলেন এই বুঝি নৌকা উল্টে যায়, তবে শেষ পর্যন্ত সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তারা হস্তিশাবকটিকে নিয়ে নিরাপদে ডাঙায় পৌঁছান।
মায়ের সঙ্গে পুনর্মিলন
এদিকে সন্তানের খোঁজে নদীর চরে এসে হাজির হয় মা হাতিটিও। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কাঠামবাড়ি রেঞ্জের বন দফতর। উৎসুক জনতাকে দূরে সরিয়ে দেওয়া হয়। চরের বালি-কাদায় তখন আপন মনে মেতে রয়েছে ছোট্ট হাতিটি। শেষ পর্যন্ত মায়ের কোলে ফিরে নিরাপদে গভীর জঙ্গলের দিকে পা বাড়ায় শাবকটি। বন্যপ্রাণ রক্ষায় সাধারণ মানুষের এই মানবিক উদ্যোগ ও তৎপরতা উত্তরবঙ্গে এক অনন্য ইতিবাচক বার্তা দিল।