ডোনাল্ড ট্রাম্পের পরিবারকে নিয়ে চরম উত্তেজনা! ট্রাম্প পুত্রের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করল ইরান

সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারকে জড়িয়ে এক বেনজির ও চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিল ইরান। ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে সরাসরি চাঞ্চল্য সৃষ্টি করেছে দেশটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরানের একটি সরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দাবি করা হয়েছে যে ট্রাম্প পুত্র ব্যারনকে হত্যা করতে পারলে ১০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ কোটি টাকা) পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, কীভাবে কঠোর নিরাপত্তা এড়িয়ে ব্যারনের কাছে পৌঁছে তাঁকে হত্যা করা সম্ভব, সেই সুনির্দিষ্ট পথ বাতলে দিয়ে রীতিমতো ভিডিও সম্প্রচার করা হয়েছে।

ওই সরকারি সম্প্রচারে ট্রাম্প পুত্রের দৈনন্দিন গতিবিধি ও নিরাপত্তার বিভিন্ন দিক জনসমক্ষে তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ব্যারন ট্রাম্প সর্বদা মার্কিন সিক্রেট সার্ভিসের কড়া নজরদারি ও দুর্ভেদ্য নিরাপত্তার ঘেরাটোপে থাকলেও অতীতে এই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এক তরুণী ব্যক্তিগত সাক্ষাতের জন্য তাঁর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এই ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশ্যে এনে ট্রাম্প পরিবারকে চরম নিরাপত্তাহীনতার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এর আগেও গত মাসে ইরানের সরকারি চ্যানেলে সম্প্রচারিত একটি ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্পকে ঘিরে তীব্র হুমকি দেওয়া হয়েছিল। সেই ভিডিওর শেষাংশে ব্যারন ট্রাম্পকেও উদ্দেশ্য করে বলা হয়েছিল যে এটি কেবল শুরু এবং তাঁকে পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। সেই সময় মেলানিয়া ট্রাম্পের নিউ ইয়র্ক শহরের যাতায়াতের রুট, তাঁর পছন্দের বিলাসবহুল শপিং মল এবং কেনাকাটার স্থানগুলি চিহ্নিত করে দেখানো হয়েছিল। এমনকি মেলানিয়ার কেনা দামি পোশাকে নার্ভ এজেন্টের মাধ্যমে বিষ প্রয়োগ করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এবং পুত্র ব্যারন সর্বদাই চব্বিশ ঘণ্টা মার্কিন সিক্রেট সার্ভিসের কঠোর সুরক্ষাবলয়ে থাকেন। হোয়াইট হাউজের পাশাপাশি নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ফ্লোরিডার মতো বিভিন্ন শহরে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বাসস্থান ও সম্পত্তির নিরাপত্তাও এই বিশেষ বাহিনীর হাতে ন্যস্ত থাকে। তা সত্ত্বেও ইরানের সরকারি মাধ্যমে এ ধরনের লাগাতার হুমকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty