সীতার লুক নিয়ে কটাক্ষে কী বললেন সাই পল্লবী? খোলামেলা জবাব অভিনেত্রীর

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর লুক নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কখনও সাজপোশাক, কখনও আবার চরিত্রের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তবে এই কটাক্ষে কতটা প্রভাবিত হচ্ছেন, তা নিয়ে স্পষ্ট মতামত জানিয়েছেন সাই পল্লবী। তাঁর কথায়, সমাজমাধ্যমে সীতার সৌন্দর্য নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, সেগুলি তাঁর চোখ এড়ায়নি। সাই বলেন, সীতামাকে কতটা সুন্দর দেখতে হওয়া উচিত, তা নিয়ে নানা কথা চলছে এবং তিনি সেসব থেকে চোখ বন্ধ করে রাখেননি। তবে এই ধরনের মন্তব্যে মানসিক স্থিতি নষ্ট হলে বুঝতে হবে নিজেকে ভিতর থেকে আরও শক্ত করা প্রয়োজন। অভিনেত্রীর মতে, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু নিরাপত্তাহীনতা থাকে, কিন্তু নিজের ভিতরটা মজবুত রাখা জরুরি। তা হলে বাইরের সমালোচনার মোকাবিলা করা বা নেতিবাচক মন্তব্য উপেক্ষা করা সম্ভব হয়। সীতার চরিত্রে অভিনয়কে নিজের জীবনের অত্যন্ত ব্যক্তিগত একটি অভিজ্ঞতা বলে মনে করেন সাই পল্লবী। তিনি জানান, একটি চরিত্রে অভিনয় করার পর তার কিছুটা অংশ অভিনেতার মনের মধ্যেও থেকে যায়। এই চরিত্রের সুবাদেও তাঁর মধ্যে কিছু পরিবর্তন এসেছে, তবে তা একান্তই ব্যক্তিগত হওয়ায় প্রকাশ্যে বিশদে বলতে চান না তিনি। নিজের অভিনয়জীবন ও চরিত্র বাছাই প্রসঙ্গেও মুখ খুলেছেন সাই। তাঁর স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র গ্ল্যামার বাড়ানোর জন্য কোনও চরিত্রে কাজ করতে চান না তিনি। যে চরিত্রের নিজস্ব গুরুত্ব নেই এবং যে কোনও অভিনেত্রীকে দিয়ে করানো সম্ভব, এমন কাজ থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তিনি সবসময় চরিত্রের মধ্যে গভীরতা খোঁজেন। কেরিয়ারের শুরুর দিকে পছন্দের চরিত্র না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাঁকে, যা প্রতিদিনই কঠিন মনে হত। বাণিজ্যিক ছবির প্রচলিত স্রোতে গা ভাসাবেন নাকি নিজের পছন্দে অনড় থাকবেন, তা নিয়ে দ্বন্দ্বে পড়লেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই স্থির থেকেছেন সাই। বলিউডের অনেক তারকার মতো বড় টিম বা ম্যানেজারও রাখেন না তিনি, কারণ পরিচালকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজের প্রক্রিয়া সহজ রাখতে চান। নারী অভিনেত্রীদের সৌন্দর্যের নির্দিষ্ট মাপকাঠিতে বেঁধে রাখার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সাইয়ের মতে, পর্দায় পুরুষ অভিনেতাদের বিভিন্ন বয়স ও চেহারায় গ্রহণ করা হলেও নারীদের ক্ষেত্রে সবসময় নিখুঁত দেখতে হওয়ার প্রত্যাশা থাকে। এই ধারণা বদলানো প্রয়োজন বলে মনে করেন তিনি, যা সীতার সাজ বিতর্কের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।