রিংয়ের ‘সুনামি’ থেমে গেল ৩৮-এ! প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকের ছায়া

তিনি রিংয়ে প্রবেশ করা মানেই ছিল রোমাঞ্চকর লড়াই আর টপ রোপ থেকে শূন্যে শরীর ভাসিয়ে আছড়ে পড়ার সেই বিধ্বংসী মুভ, যা পরিচিত ছিল সুনামি নামে। ওবা ফেমির মতো শক্তিশালী প্রতিপক্ষও যার সামনে কার্যত বেহুঁশ হয়ে গিয়েছিলেন। সেই জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড প্রয়াত হয়েছেন। শনিবার সকালে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রীড়ামহল ও রেসলিং অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। শনিবার সকালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানায়, ব্রনসন রিড নামে পরিচিত জারমেইন হ্যালি আজ প্রয়াত হয়েছেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংস্থাটি পাশে থাকার বার্তা দিয়েছে। মৃত্যুর কারণ প্রসঙ্গে ডব্লিউডব্লিউই জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে, তবে নির্দিষ্ট জটিলতার কথা প্রকাশ করা হয়নি। এই খবরে শোকবিহ্বল সমর্থকদের একাংশের ধারণা, কয়েকদিন আগে ক্রাউন জুয়েলে ওবা ফেমির টেবিলের ওপর আছড়ে ফেলার ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন রিড। অনেকের আশঙ্কা, শরীরের অভ্যন্তরে আঘাত বা কিডনিতে চোট পেয়ে কিডনি বিকল হয়ে যাওয়ার মতো সমস্যাই তাঁর অকাল মৃত্যুর কারণ হতে পারে।