ডিভোর্সের পরেও ফেরা, কিন্তু শেষরক্ষা হল না! স্ত্রীকে খুন করে পুলিশের জালে স্বামী, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য

বিবাহবিচ্ছেদের পরও অনুরোধ করে স্ত্রীকে ফের ঘরে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দাম্পত্য কলহ এমন ভয়াবহ পরিণতি নিল যে, নিজের স্ত্রীকে খুন করে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শ্যাওড়দাহ বাঁকির মোড় এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন। অভিযুক্ত স্বামীর নাম সাবির মোল্লা। গত বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটে।

পাঁচ বছরের দাম্পত্য, সাত মাস পর বিচ্ছেদ
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া গ্রাম পঞ্চায়েতের বাঁকির মোড় এলাকার সাবির মোল্লার সঙ্গে তাসলিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। এই অশান্তির জেরে প্রায় সাত মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল।

তবে বিবাহবিচ্ছেদের পরেও সাবির মোল্লা তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে অনুরোধ করেন এবং ফের বাড়িতে ফিরিয়ে এনে সংসার শুরু করেন। তাঁদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

খুন ও গ্রেফতার
কিন্তু সাময়িক শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। গত বুধবার আবার স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই বিবাদের জেরেই সাবির মোল্লা তাঁর স্ত্রীকে ঘরের মধ্যে খুন করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ তাসলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্বামী সাবির মোল্লাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তি ছাড়া খুনের পিছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন : মহিলার কাণ্ডে তুমুল হইচই হাসপাতালে, কামড় খেয়ে সাপ সমতে হাজির চিকিৎসকের কাছে! সাহস দেখে অবাক সবাই

আরও পড়ুন : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও ‘গ্যারান্টি’ নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে