ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৪২ কোটির বেশি লুট! ৮৯টি জায়গায় সিবিআইয়ের মেগা হানায় কাঁপছে সাইবার গ্যাং

ডিজিটাল গ্রেপ্তারের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সাইবার প্রতারকদের বিরুদ্ধে দেশজুড়ে সবচেয়ে বড় অভিযান চালাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। ‘অপারেশন চক্র-৬’-এর অধীনে একযোগে ২০টি রাজ্যের ৮৯টি স্থানে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মেগা হানায় প্রচুর ডিজিটাল ডিভাইস এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা নিজেদের পুলিশ বা বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তিদের ফোন করত। এরপর ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীদের ভুয়া মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটালভাবে আটক রাখত। দিনের পর দিন এই মানসিক চাপ বজায় রেখে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত এই সাইবার গ্যাং।
তদন্তে তিনটি বড় সাইবার জালিয়াতির মামলার সন্ধান মিলেছে, যেখানে মোট ৪২ কোটি টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে বিআইটিএস পিলানির একটি ঘটনায় এক ব্যক্তিকে তিন মাস ধরে ডিজিটাল আটকে রেখে ৭ কোটি ৬৭ লক্ষ টাকা লুটে নেওয়া হয়। একইভাবে গুজরাটের এক বাসিন্দাকে তিন মাস ধরে জিম্মি রেখে ১৯ কোটি ২৪ লক্ষ এবং কর্ণাটকের অপর এক ব্যক্তির কাছ থেকে ১৫ কোটি ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
দেশজুড়ে ছড়িয়ে থাকা এই সাইবার অপরাধ নেটওয়ার্কের শিকড় কোথায় ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল ট্রানজ্যাকশনগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে সিবিআই।