ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পথেই পঞ্জাব সরকার! উলটোদিকে ধর্মঘটের চরম হুঁশিয়ারিতে রাজ্যজুড়ে শোরগোল

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংক্রান্ত মামলার জট কাটতে তো দূরে থাক, উলটে সংঘাত আরও তীব্র আকার ধারণ করল। কলকাতা হাইকোর্টের মতো এবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছে পঞ্জাব সরকার। অন্যদিকের ছবিটা আরও উত্তপ্ত, কারণ আন্দোলনকারী কর্মীদের বিরুদ্ধে জারি করা প্রশাসনিক নোটিশ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার না করা হলে রাজ্যজুড়ে বিশাল গণছুটির হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন।
পঞ্জাব প্রশাসন সূত্রে খবর, আগামী এক-দুদিনের মধ্যেই শীর্ষ আদালতে এই রায়ের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে পারে সরকার। অন্যদিকে, বকেয়া ডিএর দাবিতে সরব ‘সাঁঝা মুলাজিম মঞ্চ’ বা জয়েন্ট এমপ্লয়িজ ফোরাম প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে যে, গত ২৭ আগস্ট অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা কর্মীদের বিরুদ্ধে যে কড়া নোটিশ পাঠানো হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামী ৮ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা গণছুটিতে যাবেন।
শুধু এক দিনের প্রতীকী বিক্ষোভ নয়, আন্দোলনের পরবর্তী রূপরেখা হিসেবে আরও বড় পদক্ষেপের পরিকল্পনা করেছে কর্মীরা। আগামী ৬ সেপ্টেম্বর জেলাস্তরে বৈঠকের পর ১২-১৩ এবং ১৯-২০ সেপ্টেম্বর রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছে। এমনকি আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে একটি প্রতীকী ‘বিধানসভা’ অধিবেশন বসানোর পরিকল্পনা রয়েছে, যেখানে জনপ্রতিনিধিদের সামনে সরাসরি প্রশ্ন রাখা হবে। মুখ্যমন্ত্রীর সচিবালয়কে লক্ষ্য করে এই আন্দোলনকে ‘সত্তা বাপসি’ (ক্ষমতা ফেরানো) অভিযান নাম দিয়ে আগামী ১০ অক্টোবর মেগা র্যালি এবং ২১ ও ২২ অক্টোবর লাগাতার দু’দিন গণছুটির ডাক দেওয়া হয়েছে। ডিএ নিয়ে সরকারের এই আইনি লড়াই বনাম কর্মচারীদের লাগাতার আন্দোলন পঞ্জাবের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বড় ধরনের উত্তাপ সৃষ্টি করেছে।