ডিউটি সেরে সরাসরি প্রেস মিট? চোরবাগান কাণ্ডে এবার ৮ ইন্টার্নের বিরুদ্ধে বড় পদক্ষেপ

চোরবাগানে পদপিষ্টের ভয়াবহ ঘটনার রাতে হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় বিপাকে পড়লেন কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসক। দায়িত্বে থাকা অবস্থায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে সরকারি পরিষেবার সমালোচনা করায় ওই চিকিৎসকদের শোকজ নোটিস পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। আগামী তিন দিনের মধ্যে তাঁদের এর লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৭ অক্টোবর দুর্গাপুজোর সময় চোরবাগান মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ঘটনার ঠিক পরেই আহতদের চিকিৎসার জন্য আনা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই জরুরি পরিস্থিতিতে হাসপাতালের সার্জারি, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক সাংবাদিকদের মুখোমুখি হন।
সেদিন ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ তুলে তাঁরা দাবি করেছিলেন, বিপুল সংখ্যক আহতের চিকিৎসা করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত পরিকাঠামো হাসপাতালের নেই। পরিস্থিতি সামলাতে চিকিৎসকদের চরম হিমশিম খেতে হচ্ছে। শুধু তাই নয়, ইন্টার্নরা আরও অভিযোগ করেন, স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশ এসেছিল যাতে আহতদের পরিজনদের অ্যাপোলোর মতো বড় কর্পোরেট হাসপাতালেও চিকিৎসার অপশন দেওয়া হয়। এমনকী স্বাস্থ্যমন্ত্রী নিজেও হাসপাতালে এসে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তাঁরা।
ইন্টার্ন চিকিৎসকদের এই প্রকাশ্যে মুখ খোলা এবং রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি ভালোভাবেই নেয়নি প্রশাসন। স্বাস্থ্য দফতরের স্পষ্ট বক্তব্য, সংবাদমাধ্যমের সামনে ইন্টার্ন চিকিৎসকরা যে সমস্ত অভিযোগ তুলেছিলেন তা সত্য নয়।
ইমেল মারফত পাঠানো শোকজ নোটিসে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মূলত দুটি বিষয় জানতে চাওয়া হয়েছে: ১. কর্তব্যরত অবস্থায় বা ডিউটি আওয়ারের মধ্যে দায়িত্ব পালন না করে কেন তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন? ২. ঠিক কী কারণে হাসপাতালের পরিকাঠামো নিয়ে এ ধরনের বিস্ফোরক ও বিভ্রান্তিকর অভিযোগ তোলা হলো?
আগামী তিন দিনের মধ্যে এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে অভিযুক্ত ৮ ইন্টার্ন চিকিৎসককে। অন্যদিকে, চোরবাগান কাণ্ডের রেশ কাটতে না কাটতেই চিকিৎসকদের শোকজ করার এই ঘটনায় চিকিৎসা মহলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।