টুথপেস্ট বা বেকিং সোডা নয়! অক্সিডাইজড গয়না পরিষ্কারের এই সঠিক নিয়ম না জানলে বড় ক্ষতি হয়ে যাবে

নবরাত্রিতে গরবা খেলার আনন্দে মেতে ওঠার আগে সাজসোজের অন্যতম প্রধান আকর্ষণ হলো অক্সিডাইজড গয়না। কিন্তু দীর্ঘদিন বাক্সে থাকার ফলে বা ব্যবহারের সময় ঘাম ও ধুলোবালি জমে এই ধরনের গয়না তার উজ্জ্বলতা হারিয়ে কালচে বা মলিন হয়ে যায়। অক্সিডাইজড গয়নার মূল সৌন্দর্য নির্ভর করে এর হালকা ও গাঢ় রঙের অনন্য বৈপরীত্যের ওপর। তাই জোরে ঘষামাজা করলে বা কড়া কোনো পরিষ্কারক ব্যবহার করলে এর ভেতরের সেই বিশেষ গাঢ় আভা বা ফিনিশ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই গয়নার দীর্ঘস্থায়ী সৌন্দর্য ধরে রাখতে আলতোভাবে পরিষ্কার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
গয়না পরিষ্কারের জন্য প্রথমে একটি নরম ও শুকনো কাপড় ব্যবহার করুন। কানের দুলের পিছন দিক, গলার হারের সংযোগস্থল কিংবা আংটির ভেতরের অংশগুলি আলতোভাবে মুছে নিন, কারণ এখানেই সবচেয়ে বেশি ঘাম ও মেকআপের অবশিষ্টাংশ জমে। যদি নকশার খাঁজে ময়লা জমে থাকে, তবে নরম ব্রাশ খুব হালকা হাতে ব্যবহার করা যেতে পারে। তবে ভুলেও পিন বা সুচ ব্যবহার করবেন না, এতে গয়নায় স্থায়ী আঁচড় পড়তে পারে। এছাড়া, সমস্ত অক্সিডাইজড গয়না সাবান-জলে ধোয়া বা সিলভার পলিশিং লিকুইডে ডুবিয়ে রাখা একেবারেই নিরাপদ নয়, বিশেষ করে যেগুলিতে পাথর বা সুতোর কাজ রয়েছে। ঘরোয়া উপাদান যেমন টুথপেস্ট বা বেকিং সোডা ব্যবহারের ভুল পদ্ধতি গয়নার আসল রূপ বদলে দিতে পারে। তাই গয়না ভালো রাখতে পারফিউম ও হেয়ারস্প্রে লাগানোর পর তা পরিধান করুন এবং ব্যবহারের পর নরম কাপড়ে মুছে আলাদা পাউচে সংরক্ষণ করুন।